চট্টগ্রাম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ভেজাল ঘি ও বাটার অয়েল উৎপাদন এবং বাজারজাতকরণের দায়ে এক কারখানা মালিক এমদাদুল হককে মঙ্গলবার এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওই কারখানার ব্যবস্থাপক মনিরুজ্জামানকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডেরও নির্দেশ দেওয়া হয়।
চট্টগ্রাম বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার নগরীর খুুলশী এলাকায় কোহিনুর কমেন্ড এন্ড মামুন কোম্পানি নামের এ কারখানায় অভিযান চালান।
মুনীর চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানা মালিক এমদাদুল হককে মঙ্গলবার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ওই কারখানা থেকে গত ১১ অক্টোবর পাঁচ টন ভেজাল ঘি ও পাঁচ হাজার কৌটা জব্দ করা হয়। পরে বিএসটিআইয়ের পরীক্ষাগারে পরীক্ষা করে তাতে খুবই উচ্চ গলনাংকের চর্বি এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর আয়োডিন ও পারক্সাইড পাওয়া যায়।
তিনি বলেন, কারখানাটির উৎপাদিত ঘি ও বাটার অয়েল বিক্রয় ও বিতরণ নিষিদ্ধ করা এবং কারখানার সনদ বাতিল করার জন্য বিএসটিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসএনডি/১৯১১ ঘ.
bdnews24