ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সাত দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। মঙ্গলবার এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
এই সফরে স্ত্রী অধ্যাপক ড. আনোয়ারা বেগম, সামরিক সচিব মেজর জেনারেল আমিনুল করিম, সচিব মো. সিরাজুল ইসলাম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সঙ্গে আছেন। বুধবার তারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁঁছুবেন।
আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন, মন্ত্রিপরিষদ সচিব, নৌ ও বিমান বাহিনী প্রধান, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্সসহ সরকারি ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
যুক্তরাষ্ট্র সফরে রাষ্ট্রপতি ওহাইও ও নিউ অরলিয়েন্সএ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।
আগামী শুক্রবার ও শনিবার ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর ও কলম্বাসের মেয়র রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। এছাড়া শুক্রবার রাষ্ট্রপতি ওহাইও কৃষি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে এবং শনিবার বিকেলে ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে বক্তৃতা করবেন।
৫ নভেম্বর তিনি নিউ অরলিয়েন্সের হোটেল হিলটনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বাংলাদেশে এর প্রভাব বিষয়ে বক্তৃতা করবেন। এরপর ৬ নভেম্বর নিউইয়র্ক যাবেন।
সফর শেষে ৭ নভেম্বর নিউইয়র্ক থেকে রওনা হয়ে ৮ নভেম্বর সন্ধ্যায় দেশে পৌঁছাবেন রাষ্ট্রপতি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/এমএ/১৮৪৬ ঘ.
bdnews24