২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় সাবেক প্রধান বন সংরক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার অপব্যবহার করে বন বিভাগে ৭৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় সাবেক প্রধান বন সংরক্ষক মুন্সী আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 12:03 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ক্ষমতার অপব্যবহার করে বন বিভাগে ৭৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় সাবেক প্রধান বন সংরক্ষক মুন্সী আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার বিশেষ জজ আদালত- ৩ এর বিচারক শাহেদ নুরউদ্দিন এ অভিযোগ গঠন করেন। আগামী ৫ নভেম্বর সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষে এ মামলায় সাক্ষ্য দেবেন ১৮ জন। অভিযোগ গঠনের শুনানিতে মুন্সী আনোয়ারুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল হান্নান আসামিকে নির্দোষ দাবি করে মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। আদালতকে তিনি বলেন, বন বিভাগে লোকবল নিয়োগের এখতিয়ার বন মন্ত্রণালয়ের। আসামির পক্ষে ক্ষমতার অপব্যহার করে কাউকে নিয়োগ দেওয়ার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মহসিন মিয়া বলেন, আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করা হোক। চলতি বছরের ২৬ জুন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম শাহিদুর রহমান বাদী হয়ে মুন্সী আনোয়ারুলসহ ৮০ জনের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, সরকারি চাকরি করার সময় ক্ষমতার অপব্যবহার করে আসামি সংস্থাপন মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া ২০০৪ সালের ২৯ জানুয়ারি থেকে ২০০৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত সময়ে বন বিভাগের বিভিন্ন পদে ৭৯ জনকে নিয়োগ দেন। এই নিয়োগের ক্ষেত্রে তিনি আর্থিক সুবিধাও গ্রহণ করেন। গত ৩ অক্টোবর কমিশনের সহকারী পরিচালক মো. তালেবুর রহমান এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে আসামিদের মধ্যে ৭৯ জনকে অব্যাহতি দিয়ে শুধু আনোয়ারুল ইসলামকে অভিযুক্ত করা হয়। চাকরিতে থাকার সময় মুন্সী আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে বন বিভাগের নান রকম দুর্নীতির অভিযোগ ওঠে। গত ৭ মার্চ মাসে তাকে যৌথবাহিনীর সদস্যরা আটক করে। দুর্নীতি দমন কমিশনের প্রকাশিত সন্দেহভাজন দুর্নীতিবাজদের দ্বিতীয় তালিকায় তার নাম রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএ/১৭৫৫ঘ.