২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ পৃথককরণের সর্বশেষ অবস্থা বুধবার জানবে আপিল বিভাগ

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার জন্য অবকাঠামোগত উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে বুধবার আপিল বিভাগে শুনানি হবে। প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ কাজের অগ্রগতির কথা শুনবেন। সুপ্রিম কোর্ট গত ১৮ সেপ্টেম্বর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের জনবল, এজলাসসহ প্রয়োজনীয় ব্যবস্থা করতে সরকারকে নির্দেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 11:49 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার জন্য অবকাঠামোগত উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে বুধবার আপিল বিভাগে শুনানি হবে। প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ কাজের অগ্রগতির কথা শুনবেন। সুপ্রিম কোর্ট গত ১৮ সেপ্টেম্বর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের জনবল, এজলাসসহ প্রয়োজনীয় ব্যবস্থা করতে সরকারকে নির্দেশ দেয়। ২৪ অক্টোবর আইন মন্ত্রণালয় জেলা ম্যাজিস্ট্রেট আদালতের জনবল এজলাস, গাড়িসহ আনুসঙ্গিক সুবিধা না চাওয়ার জন্য জেলা জজদের অনুরোধ করে চিঠি দেয়। কিন্তু ২৮ অক্টোবর সুপ্রিমকোর্ট ওই চিঠির কার্যকারিতা স্থগিত করে ৩০ অক্টোবরের মধ্যে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের জন্য এজলাসসহ আনুষঙ্গিক ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারকে নির্দেশ দেয়। ৩০ অক্টোবরের মধ্যে এসব কাজ শেষ করে আদালতকে জানাতে বলা হয়। এছাড়া আইন মন্ত্রণালয়ের ওই চিঠির কার্যকারিতা কেন বাতিল করা হবে না তার কারণ দর্শানোর জন্য আইন সচিবের বিরুদ্ধে রুল জারি করে সুপ্রিম কোর্ট। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আইন সচিব রুলের জবাব দিয়েছেন। বিচার বিভাগীয় ম্যাজিষ্ট্রেটদের এজলাসসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিশ্চিত করে হলফনামা আকারে প্রতিবেদন দেওয়ার জন্য সরকার সময় চেয়েছে। তবে এজলাস নিয়ে কোনো সমস্যা হবে না বলে রেজিস্ট্রার জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএ/১৭২৭ ঘ.