ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন যুব সংগঠনকে এক কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে সম্পৃক্ত ও তালিকাভুক্ত সংগঠনকে অগ্রাধিকার দেওয়া হবে।
মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, যুবদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে এবং তাদের আত্মনির্ভরকর্মী হিসেবে গড়ে তুলতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুব কল্যাণ তহবিল থেকে বিভিন্ন যুব সংগঠনকে এক কোটি টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার যুব ও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীর সভাপতিত্বে যুব কল্যাণ তহবিল পরিচালনা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয় যে, মৎস্য চাষ, সেলাই, পোল্ট্রি, স্যানিটেশন, কুটির ও হস্তশিল্প, বনায়ন ও নার্সারি, ছাগল পালন, ডেইরি, মাদকাসক্ত বিরোধী কার্যক্রম ও বিবিধ উন্নয়ন প্রকল্পের জন্য উপযুক্ত যুব সংগঠনগুলোকে অনুদান দেওয়া হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে সম্পৃক্ত ও তালিকাভুক্ত সংগঠনকে অনুদান প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
সভায় অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. গোলাম মোস্তফা তালুকদার, যুগ্ম সচিব মো. মুশফিকুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএ/১৭২৯ঘ.ু
bdnews24