২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব অভিযানে আটক ছয় জঙ্গিকে ঝিনাইদহ থানায় সোপর্দ

র‌্যাবের অভিযানে আটক ছয় জঙ্গিকে মঙ্গলবার ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। বিস্ফোরক আইনে তাদের বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে। এদিকে সদর উপজেলায় একটি পুকুর থেকে মঙ্গলবার পাঁচটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 11:12 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঝিনাইদহ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের অভিযানে আটক ছয় জঙ্গিকে মঙ্গলবার ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। বিস্ফোরক আইনে তাদের বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে। এদিকে সদর উপজেলায় একটি পুকুর থেকে মঙ্গলবার পাঁচটি বোমা উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইকবাল আলী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, হরকাতুল জিহাদের সদস্য কুষ্টিয়ার কালীশংকরপুরের জাহাঙ্গীর আলম, যশোরের বাঘারপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুল কুদ্দুস ও বকচর গ্রামের ওমর ফারুক, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চণ্ডিপুরের আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, সদর উপজেলার তিওরদাহ গ্রামের আলী আহাম্মদ ও জেলা শহরের পবহাটি এলাকার আমিরুল ইসলামকে র‌্যাব মঙ্গলবার পুলিশের হাতে তুলে দেয়। র‌্যাব বাদি হয়ে জঙ্গিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে বলে ওসি ইকবাল আলী জানান। হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানের স্বীকারোক্তি অনুযায়ী গত রোববার রাতভর র‌্যাব দেশের বিভিন্ন স্থানে জঙ্গিদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান চালায়। এতে গ্রেপ্তার হন ১২ জন; উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গ্রেনেড, অস্ত্র ও বিস্ফোরক। ওই সময় ঝিনাইদহে আলী আহাম্মদের বাড়িতে অভিযান চালিয়ে ১৫টি গ্রেনেড উদ্ধার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত আলী আহমেদ নিজেকে ঝিনাইদহের একজন তেল ব্যবসায়ী দাবি করে সাংবাদিকদের জানান, ব্যবসার সূত্রে এক ব্যক্তির মাধ্যমে মুফতি হান্নানের সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই ব্যক্তির মাধ্যমেই মুফতি হান্নান তার কাছে গ্রেনেডগুলো রাখতে দেয়। অন্যদিকে সদর উপজেলার বিষয়খালী বাজারের পাশের একটি পুকুরে মাছ ধরার সময় বাবর আলী নামে একব্যক্তির জালে পাঁচটি বোমা উঠে আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে বোমাগুলো থানায় নিয়ে আসে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে যশোর সেনানিবাসে খবর দেয়া হয়েছে বলে ওসি ইকবাল আলী জানান। বোমাগুলো দেখতে অনেকটা ফ্যানের ক্যাপাসিটরের মতো; এগুলো তার দিয়ে জড়ানো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১১ ঘ.