ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর হোটেল পূর্বাণীর একজন পরিচালকের ধানমণ্ডির বাসায় সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২৮ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা, বিপুল পরিমাণ সোনা ও হীরার গহনা, মদ, অস্ত্র ও যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা উদ্ধার করেছে র্যাব। বাড়িটিতে তল্লাশি পুরো শেষ হয়নি এবং উদ্ধার করা মালামালের অর্থমূল্য হিসাব করতে বুধবার পুরোদিন লেগে যেতে পারে। বাড়ির মালিক পূর্বাণীর পরিচালক মাহবুব রহমান জয়নাল ও তার বান্ধবী মডেলকন্যা জান্নাতুল ফেরদৌস নিকি ওরফে এনাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে র্যাব। অভিযানে নেতৃত্বদানকারী র্যাব কর্মকর্তা সোমবার রাতে অভিযান শুরুর পরপরই বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ইয়াবা ব্যবসায়ী ও মডেলকন্যা নিকির সন্ধানে তারা অভিযান চালিয়েছেন।
অভিযান পরিচালনাকারী র্যাব-৩ এর অধিনায়ক উইং কমান্ডার সুলতান মুহাম্মদ খান নূরানী জানান, সোমবার রাত ১২টার দিকে অভিযান শুরু হয়। বাসাটি হোটেল পূর্বাণীর পরিচালক মাহবুব রহমান জয়নালের। কিন্তু অভিযানের সময় কাউকে বাসায় পাওয়া যায়নি।
র্যাবের দেওয়া অথ্যমতে নিকি জয়নালের বান্ধবী হিসেবে কয়েক বছর থেকে ওই বাসায় থাকছেন।
র্যাবের মেজর ইমরুল কায়েস চৌধুরী সোমবার রাতে জানান, নিকি ওরফে এনা ইয়াবার অন্যতম একজন ডিলার। মাহবুব রহমানের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে বলে র্যাবের কাছে তথ্য ছিল।
অভিযান শুরুর পরপরই র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজারউদ্দিন আহমেদ ও গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আসিফ আনছারীসহ র্যাব সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা গভীর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেন।
মঙ্গলবার দুপুরে র্যাব কর্মকর্তারা সাংবাদিকদের জানান, ওই বাড়ি থেকে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে তিন প্যাকেট ভায়াগ্রা, কয়েকশ বোতল বিদেশি মদ, প্রায় ২৮ কোটি টাকার বিদেশি মুদ্রা ও নগদ প্রায় ৫১ লাখ টাকা, ক্রেডিট কার্ড, ব্যাংক চেক ও বন্ড, চারটি পাসপোর্ট, তিনটি ট্রাঙ্ক ভর্তি সোনার গহনা ও হীরা, তিনটি বন্দুক ও একটি রিভলবার, বেশ কিছু কার্তুজ ও তিনটি ছোরা।
র্যাব কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খালিদ শামস জানান, উদ্ধার করা পাসপোর্টগুলোর মধ্যে একটি নিকির।
মঙ্গলবার রাতে র্যাব-৩ অধিনায়ক উইং কমান্ডার সুলতান মুহাম্মদ খান নূরানী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষেশজ্ঞের মতামত ছাড়া উদ্ধারকৃত হীরা ও সোনাসহ বিভিন্ন মালামালের মূল্য হিসাব করা সম্ভব নয়। আজই আমরা একজন হীরা বিশেষজ্ঞকে এনেছিলাম। কিন্তু রাত হয়ে যাওয়ায় এদিনের মতো গণনা স্থগিত রাখা হয়েছে। আগামীকাল (বুধবার) আরও বিশেষজ্ঞ এনে উদ্ধার করা মালামালের বাজারমূল্য নির্ধারণ করা হবে।"
প্রাথমিকভাবে উদ্ধারকৃত হীরা ও স্বর্ণের আনুমানিক দাম জানতে চাইলে তিনি বলেন, "এর মধ্যে কমপক্ষে কয়েক কোটি টাকার ডায়মন্ড এবং কয়েক কোটি টাকার স্বর্ণ রয়েছে। অধিকাংশই বিদেশ থেকে আনা ২৪ ক্যারেটের গোল্ড।"
মাহবুবুর রহমানের বাড়ি থেকে উদ্ধার করা চারটি আগ্নেয়াস্ত্রের বৈধ লাইসেন্স রয়েছে কিনা জানতে চাইলে র্যাব অধিনায়ক বলেন, "এর মধ্যে রয়েছে একটি এয়ারগান। তবে বাকি তিনটির কোন লাইসেন্স আমরা এখন পর্যন্ত খুঁজে পায়নি। লাইসেন্স না পাওয়া গেলে অস্ত্র আইনে তার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হবে। "
কমান্ডার নূরানী বলেন, "এখনো তার বাড়িতে যে অবস্থা তাতে অনুসন্ধান শেষ করতে আরো কয়েকদিন লেগে যাবে। অনুসন্ধান শেষে বাড়িটিতে ইয়াবারও সন্ধান মিলতে পারে। আমরা আপাতত বাড়িটি মাহবুবুর রহমানের বড় ভাইয়ের তত্ত্বাবধানে দিয়ে এসেছি। আগামী দুএকদিনের মধ্যে সেখানে আবার অভিযান চালানো হবে।"
প্রশ্নের জবাবে র্যাব অধিনায়ক বলেন, "সমস্ত মালামালের বাজারমূল্য নির্ধারণ করতে আমাদের আগামীকাল (মঙ্গলবার) পুরো দিনই লেগে যাবে। হিসাব শেষে আগামী পরশু (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্পদের হিসাব প্রকাশ করা হবে।"
এতো সময় লাগার কারণ হিসেবে তিনি বলেন, "হিসাাবের সময় এনবিআরের প্রতিনিধি রাখতে হবে। এছাড়া মাহবুবুর রহমানের ব্যাংক স্টেটমেন্টও যাচাই-বাছাই করে দেখতে হবে।"
মাহবুবুর রহমান জয়নাল এবং মডেল কন্যা নিকির অবস্থান সম্পর্কে জানতে চাইলে র্যাব অধিনায়ক বলেন, "তাদের দুজনকেই গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। যে কোন সময় তারা র্যাবের হাতে ধরা পড়বে বলে আশা করছি।"
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাড়িটি পুলিশি নজরদারির মধ্যে আছে। যাতে সেখান থেকে কেউ কোন মালামাল বের করে না নিতে পারে।"
এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-মহাপরিচালক হোসাইন আহম্মেদের নেতৃত্বে এনবিআরের তিন জন এবং দুই শুল্ক কর্মকর্তা দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় হোসাইন আহম্মেদ বলেন, "এখানে যেসব নগদ অর্থ, ক্রেডিট কার্ড এবং হীরা ও স্বর্ণসহ বিভিন্ন মালামাল পাওয়া গেছে তার সঙ্গে মাহবুবুর রহমানের আয়করের সামঞ্জস্য আছে কিনা তা পরীক্ষা-নীরিক্ষা করে দেখা হবে। এ সম্পদের হিসাব তার আয়কর ফাইল এবং সম্পদের হিসাব বিবরণীতে উল্লেখ আছে কিনা তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে কোন গরমিল পাওয়া গেলে মাহবুবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/বিআর/জিএমএ/এমএইচবি/২০২১ ঘ.
bdnews24