ঢাকা, অক্টেবর ৩০ (বিডিনিউজ) - নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক্করণের অংশ হিসেবে বিচার বিভাগীয় কর্মকর্তার পদ থেকে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে ঢাকা, খুলনা, রাজশাহী ও চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিমসহ প্রত্যাহার করা হয়েছে ১০জন মহানগর হাকিম।
প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে তিন জনকে বিভিন্ন পদে পদায়ন ও অন্য সাত জনকে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
ঢাকার মুখ্য মহানগর হাকিম তারিকুল ইসলামকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব পদে পদায়ন করা হয়েছে। খুলনার মুখ্য মহানগর হাকিম জামাল উদ্দিন আহমেদকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব এবং চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম এ কে এম শাহিদুর রহমানকে বিদ্যুৎ বিভাগের উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আফজাল হোসেন, ঢাকার মহানগর হাকিম আবুল বাশার মোহাম্মদ আব্দুল ফাত্তাহ ও গোলাম রহমান মিয়া, ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হেলাল উদ্দিন, আব্দুস সালাম মিয়া ও মতিউর রহমান ও চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মফিজুল ইসলামকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া উপসচিব পর্যায়েও দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের উপসচিব জগদিশ চন্দ্র বিশ্বাসকে উপবীমা নিয়ন্ত্রক এবং ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সাজ্জাদ কবিরকে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে সোমবার ঢাকার মহানগর হাকিম রোকন উদ দৌলাকে সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি সিনিয়র সহকারী সচিব করা হয়। এ ছাড়া খুলনার মহানগর হাকিম শেফিনা বেগমকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমএ/ ১৫৫২ ঘ.
bdnews24