২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষক হত্যার ঘটনায় চুয়াডাঙ্গায় বিএসএফের বিরুদ্ধে মামলা

কৃষক আমিনুল ইসলাম হত্যার ঘটনায় দামুড়হুদা থানায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের ভাই আব্দুল মান্নান বাদি হয়ে সোমবার সন্ধ্যায় অজ্ঞাতনামা বিএসএফ সদস্যদের আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন বলে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানিয়েছেন। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা ওই মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 08:24 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

চুয়াডাঙ্গা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কৃষক আমিনুল ইসলাম হত্যার ঘটনায় দামুড়হুদা থানায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের ভাই আব্দুল মান্নান বাদি হয়ে সোমবার সন্ধ্যায় অজ্ঞাতনামা বিএসএফ সদস্যদের আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন বলে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানিয়েছেন। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা ওই মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।" বাদির অভিযোগ সঠিক হলে আন্তর্জাতিক সীমান্ত বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান। দামুড়হুদা থানায় বিএসএফের বিরুদ্ধে এটাই প্রথম মামলা বলে পুলিশ জানিয়েছে। গত রোববার দামুড়হুদার বারাদী সীমান্তে ছয়ঘরিয়া গ্রামের তকবির আলীর ছেলে আমিনুল ইসলাম ভারতের বিজয়পুর ফাঁড়ির বিএসএফ সদস্যদের গুলিতে নিহত হয় বলে বিডিআর জানায়। গত সাত দিনে ওই এলাকায় বাংলাদেশ সীমান্ত লক্ষ করে বিএসএফ তিন দফা গুলি চালায়। সীমান্ত সমস্যা নিয়ে আলোচনায় বিএসএফের মহাপরিচালক আশিস কুমার মিত্রের বাংলাদেশ সফরের মধ্যেই ওই গোলাগুলি হয়। মানবাধিকার সংগঠন 'অধিকার' এর এক প্রতিবেদনে গত সপ্তাহে বলা হয়, সীমান্ত এলাকায় ২০০০ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৬৫৩ বাংলাদেশী বিএসএফের গুলিতে নিহত হয়েছে। এর মধ্যে চলতি বছরে নিহতের সংখ্যা ৯৪। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৫ ঘ.