২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ওয়ার্ড কমিশনার আসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন

চাঁদাবাজির অভিযোগে করা মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কমিশনার মোহাম্মদ আসলাম ও তার চার সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 05:16 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির অভিযোগে করা মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কমিশনার মোহাম্মদ আসলাম ও তার চার সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মো. শফিকুল করিম সোমবার শুনানি শেষে অভিযোগ গঠনের নির্দেশ দেন। এ সময় আসলামসহ সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ মামলার অপর আসামিরা হলেন- মো. শাহজাহান, মো. শরীফ, মো. ইসাক ও মো. হারুন। আসামি পক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত অভিযোগ গঠনের আদেশ দেওয়ার পর আগামী ৬ ও ৮ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এ মামলায় মোট নয়জনকে সাক্ষী করা হয়েছে বলেও জানান তিনি। মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ২ জুন নগরীর পতেঙ্গা থানা এলাকার বাসিন্দা আয়েশা খাতুনের কাছে কমিশনার আসলাম দশ লাখ টাকা চাঁদা দাবি করেন। আয়েশা খাতুন ২০০৬ সালের ১০ নভেম্বর পতেঙ্গা থানায় একটি চাঁদাবাজি মামলা করেন। আয়েশা অভিযোগে বলেন, আসলামের সহযোগিতায় অভিযুুক্তরা তার পূর্ব কাট্টলীর ৫০ গন্ডা জমি দখল করে নেয়। পরে জায়গা দখলমুক্ত করে দেবে এমন কথা বলে আসলাম তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তার জায়গা বেদখল হয়ে আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এমএসবি/২৩১২ ঘ.