খুলনা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ায় ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর তিন সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার খুলনা দ্রুত বিচার আদালতের বিচারক আব্দুস সালাম শিকদার এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত তিনজন হলেন - মোঃ রাকিব হাসান ওরফে রাসেল ওরফে হাফেজ মাহমুদ, আকবর আলী ও মোঃ শামসুল আলম।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগষ্ট কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় নিমার্ণাধীন মমতাজ মার্কেটের পরিত্যক্ত দোকানে ও কোর্ট চত্বরে জেএমবি সদস্যরা বোমা হামলা চালায়। পরদিন র্যাবের ওয়ারেন্ট অফিসার মুস্তাফিজুর রহমান জেএমবি সদস্য শামসুল আলমের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। পরে ১১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাবিবুর রহমান ওরফে হাবিব, লুৎফর রহমান, মোঃ নিজামুল ইসলাম নিজাম, সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক ও মশিউর রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
এ মামলায় অভিযুক্ত শায়খ আব্দুর রহমান, আতাউর রহমান সানি ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় বিচার কাজ থেকে তাদের বাদ দেওয়া হয়।
দণ্ডাদেশপ্রাপ্ত মোঃ রাকিব হাসানকে এর আগে জামালপুরে আব্দুল গণি গোমেজ হত্যা মামলায় ঢাকার দ্রুত বিচার আদালত মৃত্যুদন্ডাদেশ দিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩০৫ ঘ.
bdnews24