ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-বিএনপির দুই অংশেরই জ্যেষ্ঠ নেতারা সোমবার রাতে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানসহ বৈঠকে বসেছেন।
উভয়পক্ষের মধ্যে একটি সমঝোতা করার লক্ষ্যে এই বৈঠক আয়োজিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সাইফুর রহমানের গুলশানের বাসায় শুরু হওয়া বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, ড. আর এ গনি, অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান, এম শামসুল ইসলাম যোগ দিয়েছেন।
রাত ৮টা ২০ মিনিটে সংস্কারপন্থী নেতা আবদুল মান্নান ভূঁইয়া বৈঠকে উপস্থিত হন।
বৈঠকের খবরটি নিশ্চিত করে অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''এটি একটি ঘরোয়া বৈঠক। এ বিষয়ে আর কিছু বলা যাবে না।''
প্রসঙ্গত, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয স্থায়ী কমিটির সদস্য সংখ্যা ১২। এদের মধ্যে চেয়ারপারসন খালেদা জিয়া, ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ কারাগারে আছেন।
দলের স্থায়ী কমিটির অপর সদস্যদের মধ্যে আবদুল মান্নান ভূঁইয়া ও আশরাফ হোসেনকে গত ৩ সেপ্টেম্বর দল থেকে বহিষ্কার করেন খালেদা জিয়া।
দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের অসুস্থতার কারণে সোমবার সকালে বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থায়ী কমিটির আরেক সদস্য আবদুল মতিন চৌধুরীরও অসুস্থ বলে জানা গেছে।
সাইফুর রহমানের বাসভবন জালালাবাদ হাউজে এই বৈঠক শুরুর আগে বিকেলে গুলশানে সংস্কারপন্থি নেতা আবদুল মান্নান ভূঁইয়ার বাসভবনে বিএনপি নেতারা একবার বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুৃর রহমান, সহসভাপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করীম, জেড এ খান, এম এ হাকিম, ড. ওসমান ফারুক, সাবেক সাংসদ আবদুল আলীম, শাহ মো. আবুল হোসাইন, ফজলুল আজীম, মাইনুউদ্দিন ভূঁইয়া প্রমূখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২০৫৫ ঘ.
bdnews24