২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি

ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসষ্ট্যান্ডের কাছে সোমবার দুপুরে হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 03:40 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

সাভার, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসষ্ট্যান্ডের কাছে সোমবার দুপুরে হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কারসহ প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। তাদের হামলায় আহত হয়েছে ১০ যাত্রী। পুলিশ বাস চালককে গ্রেপ্তার করেছে। আহত যাত্রী নজরুল ইসলাম, ইকবাল হোসেন, জাকির হোসেন বাবু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ৩০/৩৫ জন যাত্রী নিয়ে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস মতিঝিল থেকে সাভার আসছিল। বিকাল সাড়ে ৩ টার দিকে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসষ্ট্যান্ডের কাউন্টারের সামনে থামে। এসময় ১৫/২০ জনের একদল ডাকাত গাড়িতে উঠেই যাত্রীদের জিম্মি করে ফেলে। চালক তখন আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলেন বলে তারা অভিযোগ করেন। ওই যাত্রীরা জানান, ডাকাতরা তাদের সবাইকে মারধর করে ও স্বর্ণালংকার মোবাইল ফোনসহ প্রায় এক লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়। ডাকাতরা বাস থেকে নেমে যাওয়ার সময় আশুলিয়া এলাকার রিয়াজ উদ্দিন বাবুকে পিটিয়ে গুরুতর আহত করে। যাত্রীরা বাসটি সাভার থানায় নেওয়ার জন্য চালককে বাধ্য করে। তবে তার সহকারী বিল্লাল হোসেন পালিয়ে যায়। সাভার থানার উপ পরিদর্শক গোলাম মোর্শেদ জানান, এ ঘটনার সঙ্গে জড়িত কাউন্টার মাষ্টার শাইদুল ইসলাম, চালকের সহকারী বিল্লাল হোসেনসহ বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, সাভারের মানজন বিবি হত্যা মামলার আসামি ডাকাত নাগর আলী দলবল নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। তারা গাড়ির যাত্রী মানজন বিবির ছেলে রিয়াজ উদ্দিন বাবুকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১৪১ ঘ.