ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত কর্নেল সুলতান শাহরিয়ার খান হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন।
সুলতান শাহরিয়ার রশিদ খানের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান সোমবার আপিল আবেদন জমা দেন।
এ নিয়ে এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির মধ্যে তিন জন সুপ্রিম কোর্টে আপিল করলেন। রোববার অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও অবসরপ্রাপ্ত ল্যান্সার একেএম মহিউদ্দিন আহম্মেদ আপিল করেন।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় ঢাকার দায়রা জজ গোলাম রসুল ১৫ আসামিকে মৃত্যুদণ্ড দেন। হাইকোর্ট ২০০১ সালের ৩০ এপ্রিল ১২ আসামির মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে ৩ জনকে খালাস দেয়।
গত ২৩ সেপ্টেম্বর আপিল বিভাগ কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করে এবং ৩০ অক্টোবরের মধ্যে তাদের নিয়মিত আপিল করতে বলে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জেকে/১৭৪৮ ঘ.
bdnews24