২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধান্তহীনতায় বিদেশি বিনিয়োগ বঞ্চিত হতে পারে বাংলাদেশ : আনোয়ার চৌধুরী

সিদ্ধান্ত নিতে সরকার দেরি করলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী। তিনি বলেছেন, "বিনিয়োগের ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিতে দেরি করার কারণে কিংবা সিদ্ধান্ত ঝুলিয়ে রাখায় বিদেশি বিনিয়োগ অলস অবস্থায় পড়ে আছে।" ব্রিটিশ এই কূটনীতিক আরও বলেন, "বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের ভবিষ্যৎ কি- এ ব্যাপারেও কোনো ধারণা পাচ্ছে না। যে কারণে এদের অনেকেই ধৈর্য্য হারিয়ে অন্যত্র চলে যাচ্ছেন কিংবা তারা অপেক্ষায় আছেন কবে সিদ্ধান্ত নেওয়া হবে; এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 09:12 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সিদ্ধান্ত নিতে সরকার দেরি করলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী। তিনি বলেছেন, "বিনিয়োগের ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিতে দেরি করার কারণে কিংবা সিদ্ধান্ত ঝুলিয়ে রাখায় বিদেশি বিনিয়োগ অলস অবস্থায় পড়ে আছে।" ব্রিটিশ এই কূটনীতিক আরও বলেন, "বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের ভবিষ্যৎ কি- এ ব্যাপারেও কোনো ধারণা পাচ্ছে না। যে কারণে এদের অনেকেই ধৈর্য্য হারিয়ে অন্যত্র চলে যাচ্ছেন কিংবা তারা অপেক্ষায় আছেন কবে সিদ্ধান্ত নেওয়া হবে; এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হবে।" রোববার রাতে বিদেশি বিনিয়োগকারী ব্যবসায়ী সমিতির নেতাদের (এফআইসিসিআই) সঙ্গে এক সভায় তিনি এসব কথা বলেন। এফআইসিসিআই এর সভাপতি মশিউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি হুয়া দু। আনোয়ার চৌধুরী এমন এক সময় এই মন্তব্য করলেন যখন সরকার দেশে বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে টাটা কোম্পানির প্রস্তাব স্থগিত করে রেখেছে। ভারতীয় এই বিনিয়োগ সংস্থাটি বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি ও সার খাতে তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ব্যাপারে সরকারকে প্রস্তাব দিয়েছিল। ২০০৬ সালে বিগত সরকারের কাছ থেকে এ ব্যাপারে সবুজ সংকেতও পায় তারা। তিনি বলেন, "সিদ্ধান্তহীনতা এখন প্রতি দিনের একটি চিত্র হয়ে দাঁড়িয়েছে।" তিনি জানান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাজ্য একটি সর্ববৃহৎ উৎস। দেশটির বিভিন্ন কোম্পানি বাংলাদেশে জ্বালানি খাতের নিরাপত্তায় সবমিলিয়ে চার মিলিয়ন মার্কিন ডলারের মতো বিনিয়োগ করেছে। এ ছাড়া আরও দুই মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের অপেক্ষায় রয়েছে। ব্রিটিশ হাইকমিশনার আরও বলেন, "বাংলাদেশের সম্ভাবনার কারণে আমরা এদেশে বিনিয়োগে প্রস্তুত আছি। কারণ যেকোন দেশের সমৃদ্ধিই সেখানে গণতন্ত্র ও স্থিতিশীলতা বজায় রাখতে পারে।" তিনি বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে বলেন, "বিভিন্ন ক্ষেত্রে সমন্বয়হীনতা রয়েছে। যদিও মনে হচ্ছে সব ব্যাপারেই সরকারের নিজস্ব কৌশল রয়েছে, তবে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে তা না থাকায় অর্থনীতি চাপের মধ্যে পড়ছে।" এই ব্রিটিশ কূটনীতিক আরও বলেন, "দুর্নীতি বিরোধী অভিযান প্রচলিত ব্যবস্থাকে এক প্রকার আঘাতই করেছে। এতে পুরনো ব্যবস্থায় অভ্যস্ত ব্যবসায়ীদের আত্মবিশ্বাসে চিড় ধরেছে যে, তারা নিশ্চিত নয় এই নতুন পদ্ধতি কিভাবে এবং কতটুকু কাজ করবে।" চলতি অর্থ বছরে জিডিপি দুই শতাংশ কমে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ব্রিটিশ হাই কমিশনার ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এবং অর্থনৈতিক উন্নয়নে শিগগিরই কৌশল নির্ধারণ করা জরুরি বলেও মন্তব্য করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল /এমএ/১৫০৪ঘ.