ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬টি আর্জেস গ্রেনেড ও বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্রসহ সন্দেহভাজন ১২ জঙ্গিকে আটক করেছে র্যাব। আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে র্যাবের ধারণা।
র্যাবের মিডিয়া সেলের প্রধান একে আজাদ সোমবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে তিন জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ হাসিনার জনসভায় (২০০৪ সালের ২১ আগস্ট) গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ছিলো বলে স্বীকার করেছে।
র্যাব কর্মকর্তা জানান, আটককৃত শীর্ষ জঙ্গি নেতা মুফতি হান্নানের স্বীকারোক্তি অনুযায়ী রোববার রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্নস্থান থেকে অস্ত্র-শস্ত্রসহ ওই ১২ জনকে আটক করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র-শস্ত্রের মধ্যে ১৬টি আর্জেস গ্রেনেড, দুটি চায়নিজ রাইফেল, দুটি রিভলবার এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এলএইচ/এমএ/১২০৮ ঘ.
bdnews24