২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্বের ব্যর্থতায় বিচার বিভাগ পৃথকে সুপ্রিম কোর্টকে ভূমিকা নিতে হয়েছে : ব্যারিস্টার মইনুল

রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণেই বিচার বিভাগ পৃথক্করণের ব্যাপারে সুপ্রিম কোর্টকে ভূমিকা নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি বলেছেন, "বিচার বিভাগ পৃথক্করণের মাধ্যমে একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হচ্ছে। রাজনৈতিক নেতৃত্ব গঠনতন্ত্র অনুযায়ী বিচার বিভাগ পৃথক্করণের উদ্যোগ নিলে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে কাজটি আরো ভালো ভাবে সম্পন্ন করা যেত।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 05:48 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণেই বিচার বিভাগ পৃথক্করণের ব্যাপারে সুপ্রিম কোর্টকে ভূমিকা নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি বলেছেন, "বিচার বিভাগ পৃথক্করণের মাধ্যমে একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হচ্ছে। রাজনৈতিক নেতৃত্ব গঠনতন্ত্র অনুযায়ী বিচার বিভাগ পৃথক্করণের উদ্যোগ নিলে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে কাজটি আরো ভালো ভাবে সম্পন্ন করা যেত।" সোমবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের পরিচিতি সভার উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন বলেন, "আগামী ১ নভেম্বর থেকে বিচার বিভাগ পৃথক হচ্ছে। এই পৃথক্করণের যথার্থতা প্রমাণের জন্য বিচারকদের একসঙ্গে কাজ করতে হবে। তা না হলে তাদের জনগণের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।" তিনি বিচারকদের ধৈর্য্যশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "এটি জাতির প্রত্যাশা। পৃথক্করণের সঙ্গে সঙ্গে পূর্বতন বিচারকদের চেয়ে ভালো কিছু জনগণকে উপহার দিতে হবে। যেকোন কাজের শুরুতে কিছু সমস্যা থাকতে পারে। এক্ষেত্রে লোকবলের অভাবের কারণে বিচারকদের নির্ধারিত সময়ের বেশি সময় কাজ করতে হলে সেটাও করতে হবে।" এর আগে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল বলেন, "বিচার বিভাগ পৃথক হচ্ছে মানে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ঐক্য থাকবে না- সেটা নয়। নির্বাহী বিভাগের প্রতি আস্থাহীনতা তৈরি হয়েছে বলে বিচার বিভাগ পৃথক হচ্ছে সেটাও নয়। বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে কোনো বৈরিতা নেই; তবে বিচার বিভাগ আলাদা না থাকায় সুশাসন সম্ভব হয়নি এবং শাসনতান্ত্রিকভাবে সেটা করার বাধ্যবাধকতা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এএল/এমএ/১১৩৪ ঘ.