চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অপহরণের ২৬ দিন পর হাটহাজারী উপজেলার রোহিতপুর এলাকা থেকে শনিবার রাতে মোহাম্মদ হানিফ (২২) ও মোহাম্মদ নাছির (২০) নামের দুই যুবককে উদ্ধার করেছে র্যাব। অপহরণের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো মো. আইয়ুব উদ্দিন ও জিয়া হায়দার। এরা দু'জনই হাটহাজারীর বাসিন্দা।
র্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ পরিদর্শক শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আইয়ুব ও জিয়া জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আইয়ুব আলীর বাড়ি থেকে রোববার সকালে মুক্তিপণের ৪০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, হানিফ ও নাছির নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন বাংলাবাজার এলাকার বাসিন্দা। গত ২০ সেপ্টেম্বর বাংলা বাজার এলাকার একটি দোকান থেকে তাদের অপহরণ করা হয়। পরে মোবাইল ফোনে তাদের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
এরপর হানিফের মা রেনু বেগম অপহরণকারীদের দেওয়া ঠিকানা অনুযায়ী হাটহাজারীর মেখল এলাকার একটি বাড়িতে ৫০ হাজার টাকা পৌঁছে দেন। কিন্তু তারপরও ছেলেকে না পেয়ে রেণু বেগম গত ২৫ অক্টোবর র্যাবকে বিষয়টি জানান।
শরিফুল জানান, গোপন খবর পেয়ে শুক্রবার রাত এগারটার দিকে র্যাব সদস্যরা হাটহাজারী উপজেলার রোহিতপুর এলাকার নূর মহলে অভিযান চালায়। সেখান থেকে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত হানিফ ও নাছিরকে উদ্ধার করা হয়।
রোববার সকালে নূর মহলে আবারো অভিযান চালিয়ে মুক্তিপণের চল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয় বলে ওই র্যাব কর্মকর্তা জানান।
তিনি জানান, অপহরণকারীদের আরও জিজ্ঞাসাবাদ করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিএইচ/জেকে/২৩৫০ ঘ.
bdnews24