ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নিয়মিত আপিল দায়ের করেছেন।
কারাবান্দি অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও অবসরপ্রাপ্ত মেজর এ কে এম মহিউদ্দিন রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল দায়ের করেন।
গত ২৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে কারাগারে আটক পাঁচজনকে আপিল দায়েরের অনুমতি দেয় আপিল বিভাগ। ৩০ অক্টোবরের মধ্যে আসামি পক্ষকে আপিল দায়ের করতে বলা হয়। তা না হলে তাদের মৃত্যুদণ্ড স্থগিতের আদেশ খারিজ হয়ে যাবে বলে আদেশে উল্লেখ করা হয়।
সুপ্রিম কোর্টের ওই আদেশের পরিপ্রেক্ষিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই দুজন আপিল করলেন। আপিল দায়ের করার পর বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের কৌঁসুিল ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুপ্রিম কোর্টের ২৩ সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী আজ নিয়মিত আপিল দায়ের করেছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২০২১ঘ.
bdnews24