ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--এক কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও জি কিউ বলপেন ইন্ড্রাস্ট্রির মালিক কাজী সালিমুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
রোববার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ অভিযোগ গঠন করেন। আগামী ৩১ অক্টোবর সাক্ষ্য নেওয়ার জন্য দিন ধার্য করা হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষে ২৬ জনকে সাক্ষী করা হয়েছে।
ঘুষ গ্রহণে সালাউদ্দিনকে সহযোগিতার অভিযোগে এ মামলায় সালিমুল হককে আসামি করা হয়েছে।
অভিযোগ গঠনের বিরোধিতা করে আসামি পক্ষের আইনজীবী ড. আজিজুর রহমান চৌধুরী আদালতের কাছে সালাউদ্দিন আহমেদকে নির্দোষ দাবি করেন। একই সঙ্গে তাকে মুক্তি দেওয়ারও আবেদন জানান।
জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ আমাদের কাছে রয়েছে।
২৯ মে শাহবাগ থানায় ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শফিকুল ইসলাম বাদি হয়ে সালাউদ্দিন আহমেদ ও সালিমুল হকের বিরুদ্ধে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৫ সালের ১৪ ফেব্র"য়ারি এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের বড় ভাই ও ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের মালিক মীর জাহির হোসেনের কাছ থেকে কাজ পাইয়ে দেওয়ার জন্য এক কোটি ঘুষ নেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন। তবে ওই ঘুষের টাকা লেন-দেন হয় সালিমুল হকের ব্যাংক হিসাবের মাধ্যমে।
গত ৬ ফেব্র"য়ারি ভোরে যৌথ বাহিনীর সদস্যরা গুলশানের 'ন্যাম ভিলা' থেকে সালাউদ্দিনকে আটক করে। এ মামলার অপর আসামি সালিমুল হক পলাতক রয়েছেন।
মীর জাহির হোসেনের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অপরাধে গত ২৭ আগস্ট সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার সাত বছর এবং এ কাজে সহযোগিতার দায়ে তার স্ত্রী সিগমা হুদাকে ৩ বছরের কারাদণ্ড দেয় আদালত। ওই মামলারও বাদি ছিলেন শফিকুল ইসলাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমএ/১৭৩৫ঘ.ুুুুু
bdnews24