ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার নেশার ট্যাবলেট ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের সদস্যরা কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে আহসান কবীর (৩০), মনির (৩২) ও নাসিমা হোসেন দিবা (২৮) নামে তিনজনকে গ্রেপ্তার করে। অন্যদিকে র্যাব সদস্যরা শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে মো. শাহজাহান (৪৪) ও পাপিয়া সুলতানাকে (২৭) গ্রেপ্তার করে। এদের কাছ থেকে মোট ৫১২ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটর সাইকেল এবং ইয়াবা বিক্রি করে পাওয়া ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে আটটার দিকে কোতোয়ালি থানা এলাকার আনোয়ার টাওয়ারে অভিযান চালানো হয়। ভবনের এ-১০ নম্বর ফ্ল্যাট থেকে ৬২ পিস ইয়াবাসহ আহসান কবীর, মনির ও নাসিমা হোসেন দিবাকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে নাসিমা হোসেন দিবা গত বৃহস্পতিবার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা আমিন হুদার বান্ধবী। আমিন হুদার কাছ থেকে ইয়াবা নিয়ে নাসিমা নিজেই ব্যবসা করছিল।
গ্রেপ্তারকৃতদের নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে জানিয়ে মাসুদুর রহমান বলেন, "রাতেই আমরা আরো সাফল্য পাবো বলে আশা করছি।"
র্যাব-১০ এর অপারেশন কর্মকর্তা ক্যাপ্টেন মোস্তফা হুমায়ন কবীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাব-১০ এর একটি দল শনিবার রাতে শ্যামপুর বউবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মো. শাহজাহান (৪৪) নামে এক ইয়াবা বিক্রেতাকে একটি মটরসাইকেলসহ আটক করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বউবাজার এলাকার একটি বাড়ি থেকে ইয়াবার পাইকারি বিক্রেতা পাপিয়া সুলতানাকে (২৭) গ্রেপ্তার করা হয়। পাপিয়ার কাছ থেকে ৪৫০টি ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের নিয়ে রাতেই আরও কয়েকটি জায়গায় অভিযান চালানো হবে।
এর আগে বৃহস্পতিবার গুলশানের দুটি বাড়িতে অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৫ হাজার পিস 'আইস পিল' (আরেক ধরনের মারাত্মক নেশারদ্রব্য) উদ্ধার করে র্যাব। উদ্ধার করা হয় ইয়াবা তৈরির সরঞ্জাম ও যন্ত্রপাতি। সেখান থেকে আমিন হুদা (৩৬) ও তার কর্মচারী আহসানুল হক হাসানকে (৩৪) গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০১১৩ ঘ.
bdnews24