ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মগবাজারে শুক্রবার কাভার্ড ভ্যানের চাপায় ফারজানা হোসেন সিলভিয়া (২৪) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
সিলভিয়া ঢাকা সিটি কলেজের মার্কেটিং বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্রী। তিনি ৬৫ হাজীপাড়ার আনোয়ার হোসেনের মেয়ে। তাদের বাড়ি রাজশাহী।
রমনা থানার উপ-পরিদর্শক ফরিদা খানম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, একই বিভাগের ছাত্রী লিজার সঙ্গে সিলভিয়া সকাল সোয়া নয়টার দিকে কোচিং সেন্টারের উদ্দেশে রিক্সায় করে মগবাজার মোড়ে যাচ্ছিলেন। পথে চাংপাই চাইনিজ রেস্টুরেন্টের সামনে একটি কাভার্ড ভ্যান তাদের রিক্সাকে পেছন থেকে ধাক্কা দিলে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। এ সময় সিলভিয়া ভ্যানের চাকায় পিষ্ট হন। পথচারীরা দুজনকে উদ্ধার করে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক সিলভিয়া বেঁচে নেই বলে জানান। লিজা হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মালিবাগ-মগবাজার সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে এবং বিক্ষোভ করে। এ সময় ওই সড়ক ও আশপাশের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়।
উপ-পরিদর্শক ফরিদা খানম জানান, কাভার্ড ভ্যানটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে নিহতের খালা জিন্নাত আরা থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/ডিডি/এমএইচবি/২২১৪ ঘ.
bdnews24