খুলনা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালিশপুরে রাষ্ট্র মালিকানার পদ্মা অয়েল কোম্পানির ডিপোর পাশের এলাকার কয়েকটি কারখানায় অভিযান চালিয়ে ১০ লাখ লিটার ভেজাল ফার্নেস অয়েল উদ্ধার করেছে র্যাব। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত র্যাব-৬ এর একটি দল ওই অভিযান চালায়। ওই সময় গ্রেপ্তার করা হয় তিন জনকে। অভিযান শেষে র্যাব সাংবাদিকদের অভিযানের বিস্তারিত তথ্য জানায়।
র্যাব-৬ এর কর্মকর্তা মেফতা-উল করিম জানান, কয়েকটি শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট দীর্ঘদিন ধরে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে ভেজাল ফার্নেস অয়েল সরবরাহ করে আসছিল। ভেজাল ফার্নেস অয়েল ব্যবহারের ফলে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মূল্যবান যন্ত্রপাতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব খুলনা নগরীর ওই ভেজাল ফার্নেস অয়েলের আড়তে অভিযান চালায়।
র্যাব কর্মকর্তা জানান, অভিযানে ধরা পড়ে, অত্যন্ত সুকৌশলে ১০ থেকে ১৫ ফুট গভীর ভূগর্ভস্থ ট্যাংক তৈরি করে ভেজাল ফার্নেস অয়েল মজুদ করে রাখা হয়েছিল। র্যাব সদস্যরা এ ধরনের ছয়টি ট্যাংকের সন্ধান পায়। ছয়টি ট্যাংকে মোট ১০ লাখ লিটার ভেজাল ফার্নেস অয়েল পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।
চোরাচালান সিন্ডিকেটের তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে র্যাব জানায়।
র্যাব জানায়, মো. নাসির এর মালিকানাধীন সায়মা ফুয়েল সাপ্লাই এ একটি আন্ডার গ্রাউন্ড ট্যাংকের সন্ধান পাওয়া যায়। ওই প্রতিষ্ঠানটির দুই ব্যবস্থাপক মুজিবর রহমান ও মেহেদী হাসান গ্রেপ্তার হয়েছেন।
আব্দুল্লাহ ট্রেডার্সে অভিযান চালিয়ে দুটি ট্যাংকের সন্ধান মেলে। এ প্রতিষ্ঠানের মালিক রফিকুল ইসলাম বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া শেখ মোশারফ হোসেন, শেখ মিজানুর রহমান, শেখ মুরাদ আহমেদ, শেখ খায়রুল ইসলাম ও শেখ আব্দুর রাজ্জাক এর মালিকানাধীন জয়েন্ট ফুয়েল সাপ্লায়ার্স এ অভিযান চালিয়ে তিনটি আন্ডারগ্রাউন্ড ট্যাংকের সন্ধান পাওয়া যায়। অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ায় এ প্রতিষ্ঠানের কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে র্যাব জানায়।
র্যাব কর্মকর্তা মেফতা-উল করীম জানান, একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কারখানাগুলো সিলগালা করে দেয়া হয়েছে। র্যাব বাদি হয়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে।
র্যাব জানায়, কারখানাগুলোতে এসিড, পানি ও পোড়া মোবিল মিশিয়ে ভেজাল ফার্নেস অয়েল তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। অত্যন্ত বিপজ্জনকভাবে ভেজাল ফার্নেস অয়েল আন্ডারগ্রাউন্ড ট্যাংকে মজুদ করা হয়েছিল; যা থেকে বড় ধরনের বিস্ফোরণসহ দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিলো।
র্যাব কর্মকর্তারা জানান, ২০০২ সালের জ্বালানি ও বিস্ফোরক আইন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত মালিকানার জ্বালানি তেল ডিপোগুলোর এক বর্গকিলোমিটার এলাকায় এবং আবাসিক এলাকায় এ ধরনের বিপদজনক ও ঝুঁকিপূর্ণ কারখানা স্থাপন, জ্বালানি তেল মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/
bdnews24