ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - এক সময় স্বল্প আয়ের মানুষেরা খরচ কম বলে বিকল্প খাদ্য হিসেবে আটাকে বেছে নেয়। সেই অবস্থার পরিবর্তন হয়েছে অনেক আগেই। নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে তো বটেই, হঠাৎ করে আটার দাম এতটাই বেড়েছে যে মধ্যবিত্তরাও বাজারের আটা কিনতে গিয়ে থমকে দাঁড়ায়।
হাতিরপুল বাজারটি একেবারে সড়কের ধারেই। রিক্সায় বসেই বাজার করার বিলাসিতা বা অলসতা করেন কেউ কেউ। এক মধ্য বয়েসী নারী এই বিলাসিতার মাঝামাঝি কাজটি করলেন। তিনি চলতি পথে রিক্সা থামিয়ে ঢুকলেন বাজারে। মসলা, লেবু, টমেটো কিনে দোকানীর কাছে চাইলেন আটার প্যাকেট। দুই কেজি আটার দাম ৭৮ টাকা শুনে তিনি অবাক হয়ে বললেন, " গত সপ্তাহেও তো ৬৮ টাকায় কিনেছি। এক সপ্তাহে ১০ টাকা বেড়েছে।" নিজে নিজেই এসব কথা বলে দাম মিটিয়ে তিনি উঠে বসলেন তার ভাড়া করা রিক্সায়। বিস্তারিত জানাচ্ছেন মোকাররম হোসেন শুভ ও মিন্টু চৌধুরী।
ক্রেতা চলে যেতেই দোকানী রায়হান মন্তব্য ছুঁড়লেন, "এক সময়ে গরীবে খাইত আটা। অহন আপনেরাও ধরলেন। তো, আটার দাম বাড়বো না কি কমবো।"
এরপর রায়হানের দোকানে আরেক ক্রেতা এসে চাইলেন সয়াবিন তেল। সয়াবিনের দামও বাড়তি। তাই আটা ছেড়ে আলোচনা চলে আসে তেলের দিকে। বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এস এম সাঈদ ইবনে আলীর বাজারের ফিরিস্তি বেশ লম্বা। তিনি যেসব পণ্য চাইলেন তার প্রায় সবগুলোর দাম বেড়েছে। চাল, চিনি, গুঁড়োদুধ, সয়াবিন, পেঁয়াজ, ডিম, আলু, মসুর ডালের দাম গত সপ্তাহের চেয়ে অনেকটা বেড়েছে শুনে তিনি তেমন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে কেবল দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন করলেন, "চিনির দামও বেড়েছে।"
স
bdnews24