২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় এলপি গ্যাসের সঙ্কট

পাবনায় এক সপ্তাহ ধরে এলপি গ্যাসের সঙ্কট চলছে। আর এ সুযোগে বিক্রেতারাও বেশি দাম হাঁকাচ্ছেন। ফলে দুর্ভোগে পড়েছেন ক্রেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2007, 09:51 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

পাবনা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনায় এক সপ্তাহ ধরে এলপি গ্যাসের সঙ্কট চলছে। আর এ সুযোগে বিক্রেতারাও বেশি দাম হাঁকাচ্ছেন। ফলে দুর্ভোগে পড়েছেন ক্রেতারা। বাজার ঘুরে দেখা যায়, জেলা শহরে বসুন্ধরা গ্যাস প্রতি সিলিন্ডার ১০০০ থেকে ১১০০ টাকায়, ক্লিনহিট গ্যাস ১১০০ থেকে ১২০০ টাকায়, টোটাল গ্যাস ৯২০ টাকায়। এক সপ্তাহ আগেও প্রতি সিলিন্ডারের দাম ১০০ থেকে দেড়শ টাকা কম ছিল। সাড়ে ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম ৫৩২ টাকা নির্ধারিত থাকলেও সে দামে সরকারি প্রতিষ্ঠানের গ্যাস পাচ্ছে না ক্রেতারা। বাজারে সরকারি প্রতিষ্ঠান যমুনার সিলিন্ডারই বিক্রি হচ্ছে ৯৩০ টাকায়। ডিলাররা বলছে, গ্যাস কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী সিলিন্ডার সরবরাহ করতে পারছে না। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। শহরের গ্যাস ডিলার সোহেল এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সরবরাহ কম থাকায় আমাদের বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। তাই আমাদের বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। এদিকে দাম বেশি নেয়ার পাশাপাশি সিলিন্ডারে গ্যাস কম থাকছে বলেও অভিযোগ করেছেন ক্রেতারা। ডা. আনসার আলী নামে এক ক্রেতা বলেন, "ডিলাররা এক ধরনের মেশিন দিয়ে কৌশলে গ্যাস বের করে গ্রাহকদের প্রতারিত করছেন।" তবে গ্যাস কম দেয়ার অভিযোগ অস্বীকার করছেন ডিলাররা। পাবনায় গ্যাস পাইপলাইন বসানো হলেও শহরের অধিকাংশ বাড়িতে এখনো সংযোগ লাগেনি। ফলে এলপি গ্যাসই তাদের ভরসা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৫ ঘ.