ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় করার কথা ভাবছে সরকার।
আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে 'বিকল্প বিরোধ নিষ্পত্তি' (এডিআর) শীর্ষক কর্মশালা শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় করার চিন্তা-ভাবনা করছে সরকার। যতক্ষণ তা না হয়, ততক্ষণ আইন মন্ত্রণালয় বিচার বিভাগের স্বাধীনতায় কোনো রকম হস্তক্ষেপ করবে না।"
মইনুল হোসেন আরো বলেন, "আমাদের সরকার বিচার বিভাগকে পৃথক করছে। সে জন্য আমরা নিজেরাই চাইবো না এই কাজ ব্যাহত হোক।"
তিনি অভিযোগ করেন, বিচারপতিদের সঙ্গে আলোচনা করে আমরা আইন তৈরি করছি বলে কয়েকটি সংবাদপত্রে লেখা হচ্ছে; এটা সঠিক নয়। এ ধরনের লেখার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আমরা সবার সঙ্গেই আলোচনা করেই এত বড় একটা কাজ করতে যাচ্ছি।
আইন উপদেষ্টা বলেন, "বিচার বিভাগ আলাদা করতে আইন করা হয়েছে। অন্যদিকে প্রশাসনও যাতে শক্তিশালী এবং গতিশীল হতে পারে, সে জন্যও আইন করার প্রয়োজন রয়েছে। দুই অংশের দিকেই তাকাতে হবে। কিছু কিছু কাজ যেমন, মোবাইল কোর্ট পরিচালনা এসব কাজ প্রশাসনের লোকজনও করতে পারে।"
আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম হারুন ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি ও ল' কমিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল, কানাডার হাইকমিশনার এইচ ই বারবারা রিচার্ডসন, কানাডীয় সাহায্য সংস্থা সিডার অবাসিক প্রতিনিধি ইয়ান মরিসন প্রমুখ।
বিচারপতি মোস্তফা কামাল বলেন, "বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর বাংলাদেশের বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে তা সর্বরোগের মহাঔষধ ভাবা ঠিক হবে না। রাতারাতি কোনো কিছু পাওয়ার আকাক্সক্ষা করাও নয়। সারাদেশে এডিআরকে এগিয়ে নিতে হলে উদ্দীপকের প্রয়োজন।"
তিনি আরো বলেন, "বিদ্যমান আইন ব্যবস্থায় সাধারণ মানুষের অংশ গ্রহণের সুযোগ কম। বিচার কাজ যত বিলম্বিত হয় মানুষের মধ্যে হতাশা ততো বাড়ে এবং অর্থের অপচয় হয়।"
সাধারণ মানুষের বিচার পাওয়ার ক্ষেত্রে সমস্যা সারাবিশ্বেই রয়েছে উল্লেখ করে বারবারা রিচার্ডসন বলেন, "এডিআরের ক্ষেত্রে বাংলাদেশ অগ্রণী ভূমিকা রাখতে পারে।"
কর্মশালায় বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর সম্পর্কে বলা হয়, এটি দেওয়ানি বিচার ব্যবস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এতে ব্যবস্থার অধীনে ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট পক্ষগুলোর সমঝোতার মাধ্যমে সুনির্দিষ্ট মীমাংসাযোগ্য অপরাধের নিষ্পত্তি করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/জিএনএ/১৩২৪ ঘ.
bdnews24