ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ডিম ছাড়ার মৌসুমে ১০ দিন নিষিদ্ধ থাকার পর আবারো ইলিশ ধরা শুরু করেছে জেলেরা।
প্রতি বছর ১৫ থেকে ২৪ অক্টোবরের মধ্যে পূর্ণিমার জোয়ারের সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ উপকূলীয় এলাকায় ডিম ছাড়তে আসে। এ কারণে সরকার ওই ১০ দিন চট্টগ্রাম, ভোলা, কক্সবাজার ও পটুয়াখালী জেলার প্রায় ৭ হাজার বর্গ কিলোমিটার এলাকায় ইলিশ ধরা নিষিদ্ধ করে।
নিষেধাজ্ঞা অমান্য করায় জেলা প্রশাসন, বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের সহায়তায় মৎস্য অধিদপ্তর প্রচুর ইলিশ জব্দ করে। নিষেধাজ্ঞার মেয়াদ পেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার আবার ইলিশ ধরা শুরু করেছে জেলেরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের পটুয়াখালী, ভোলা, বরিশাল ও বরগুনা প্রতিনিধিরা জানান, জেলেরা বৃহস্পতিবার সকাল থেকেই ইলিশ ধরার জন্য বেরিয়ে পড়ে।
পটুয়াখালীর চর কাজল বাজারের ব্যবসায়ী আহসান আজিম জানান, ১০ দিন মাছ ধরতে না পারায় জেলেরা আনন্দের সঙ্গে ইলিশ ধরছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২২৩৬ ঘ.
bdnews24