সিলেট, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ২০০৫ সালের ১৭ আগস্টে সুনামগঞ্জের দুটি স্থানে বোমা হামলার ঘটনায় করা পৃথক দুটি মামলায় জেএমবির দুই জঙ্গিকে ১০ বছর করে ২০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া দুজনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক দীপ্রমান সরকার এ রায় দেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, শায়খ আবদুর রহমানের দেহরক্ষী হিসেবে পরিচিত আবদুল আজিজ ওরফে হানিফ ও সালাউদ্দিন ওরফে সালেহীন। এরা দুজনই সিলেট ও সুনামগঞ্জে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার বিভিন্ন মামলায় সাজা পেয়ে বর্তমানে সিলেট কারাগারে আছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সুনামগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহের সীমানাপ্রাচীরের কাছে ও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে বোমা হামলা চালানো হয়। পরদিন ১৮ আগস্ট সুনামগঞ্জ পৌরসভার কমিশনার জসিমউদ্দিন ফারুক অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। একই দিন আইনজীবী সমিতির অফিস সহকারী সাজ্জাদুর রহমান বাদী হয়ে আরেকটি মামলা করেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি ফখরুদ্দিন আহমদ। আসামি পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মখলিসুর রহমান।
আবদুল আজিজ হানিফ ও সালাউদ্দিন ২০০৬ সালের ২ মার্চ সিলেটে আটক হন। তারা সুনামগঞ্জে সিরিজ বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন। ওই বছর ৩ জুন তাদের বিরুদ্ধে অভিযোপত্র দাখিল করা হয়।
সুনামগঞ্জে ১৭ আগস্ট শহীদ মিনারে বোমা হামলার ঘটনায় করা দুটি পৃথক মামলায় একই আদালত গত ৭ অক্টোবর এ দুজনকে ১০ বছর করে ২০ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছে। এছাড়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের শৌচাগারে বোমা হামলার মামলায় দুই জঙ্গিকে গত ৯ অক্টোবর একই আদালত ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/ ১৯৪১ ঘ.
bdnews24