মৌলভীবাজার, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডুটকম)- চাঁদাবাজির অভিযোগে মৌলভীবাজার আদালতের মুহুরী ফজলুর রহমানকে বৃহস্পতিবার আটক করেছে র্যাব।
র্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট আব্দুল বাতেন জানান, মামলার ভয় দেখিয়ে শ্রীমঙ্গল শহরের ব্যবসায়ী আবছার আলী ওরফে সাগরের কাছ থেকে পাঁচ হাজার টাকা চাঁদা আদায়ের সময় দুপুরে শ্রীমঙ্গলের ভানুগাছ রোড থেকে তাকে আটক করা হয়।
তিনি জানান, ফজলুর রহমান আবছার আলীকে বুধবার সকালে মোবাইল ফোনে জানায় তার বিরুদ্ধে মৌলভীবাজার আদালতে নারী নির্যাতন মামলা হয়েছে। এ মামলা শেষ করতে ১৫ হাজার টাকা লাগবে। খোঁজ নিয়ে আবছার আলী জানতে পারেন তার বিরুদ্ধে এ রকম কোনো মামলা হয়নি। ঘটনাটি তিনি র্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্পকে জানান।
পরে তিনি ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগ করে পাঁচ হাজার টাকা লেনদেনের স্থান ও সময় ঠিক করেন। র্যাবের একটি দল সাদা পোশাকে আগে থেকেই সেখানে অবস্থান নেয়। লেনদেনের সময় পাঁচ হাজার টাকাসহ হাতেনাতে মুহুরী ফজলুকে আটক করে র্যাব সদস্যরা।
র্যাব অধিনায়ক জানান, আটকের পর তাকে র্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদের পর শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবসায়ী সাগর প্রতারণার অভিযোগে মামলা করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/১৭৪৬ ঘ.
bdnews24