২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে জেএমবির আস্তানা থেকে বিস্ফোরক উদ্ধার মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

কক্সবাজারে জেএমবি জঙ্গিদের আস্তানা থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার মামলায় বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 08:35 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে জেএমবি জঙ্গিদের আস্তানা থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার মামলায় বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শফিকুল করিমের আদালতে প্রথমদিন মামলার তদন্তকারী কর্মকর্তা কক্সবাজার সদর থানার উপ পরিদর্শক আবুল হাশেম ও বাড়ির মালিক আনোয়ারা বেগম সাক্ষ্য দেন। আদালত আগামী ৩১ অক্টোবর আবার সাক্ষ্য নেওয়ার তারিখ দিয়েছেন। সাক্ষ্য নেওয়ার সময় আদালতে মামলার পাঁচ আসামির মধ্যে চারজন- জেএমবি সদস্য মোহাম্মদ প্রকাশ জাবেদ ইকবাল, আবু জর প্রকাশ আবু গালিব, জাফর প্রকাশ উজ্জ্বল ও নঈমুদ্দিন উপস্থিত ছিলেন। অপর আসামি হাসান এখনো পলাতক। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল হাসান চৌধুরী সাজ্জাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাক্ষ্য গ্রহণের সময় আসামিরা জাগতিক আদালতের বিচার মানে না বলে বক্তব্য দিয়েছেন। ২০০৫ সালের ২০ আগস্ট কক্সবাজার সদর থানার নুর পাড়ার আনোয়ারা বেগমের ভাড়া বাড়ি থেকে র‌্যাব ও পুলিশ সদস্যরা বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেন। এ ঘটনায় ওইদিন কক্সবাজার সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/১৪৩৭ ঘ.