ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিভিন্ন স্থানে গত দুদিনে খুনসহ পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন রাজধানীতে আতঙ্ক সৃষ্টি করা অজ্ঞান পার্টির শিকার।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক নূরুজাহান বেগম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মো. শাহীন (২৬) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। সে খিলগাঁও মেরাদিয়ার লাল মিয়া ওরফে খোকন ব্যাপারীর ছেলে।
নিহতের স্ত্রী রোখসানা বেগম জানান, অজ্ঞাতপরিচয় খুনি মঙ্গলবার শাহীনকে জবাই করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
রাজধানীর সবুজবাগ থানা এলাকায় মঙ্গলবার রাতে মো. আজিবুল হক (২২) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক রওশনআরা বেগম জানান, আজিবুল ভিকারুন্নিছা নূন স্কুল অ্যান্ড কলেজের ভ্যানচালক ছিল। উত্তর মুগদাপাড়ার মদীনাবাগ খালপাড় এলাকার বাসিন্দা আজিবুল পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উমরখানা গ্রামের মো. নজমুল হকের ছেলে।
নিহতের বড় ভাই মো. আনছারুল হক রাজন জানান, মঙ্গলবার মধ্যরাত পার হয়ে গেলেও না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করে। পরে বাসার অদূরে খালপাড় গলি থেকে ছুরিকাঘাতে রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভাই রাজনের ধারণা, স্থানীয় ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে।
অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়ে এক ব্যক্তির (৩০) মৃত্যু হয়েছে। পকেটে পাওয়া ভিজিটিং কার্ডের সূত্র ধরে তাকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত তমিজউদ্দিনের ছেলে জামালউদ্দিন বলে মনে করছে পুলিশ।
যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক আলফাজুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে স্থানীয় মাছের আড়তের সামনে থেকে জামালউদ্দিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুই পথচারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রাজধানীর মিরপুর থানা পুলিশ পূর্ব মনিপুর এলাকা থেকে পূর্ণিমা বালা (১৬) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে। সে গোপালগঞ্জের কোটালিপাড়া থানার দিঘলীয়া গ্রামের দুখীরাম বালার মেয়ে।
মিরপুর থানার উপ-পরিদর্শক শাহেদ ইকবাল জানান, মঙ্গলবার রাতে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পুলিশ পূর্ণিমার লাশ উদ্ধার করে।
এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২২৪০ঘ.
bdnews24