সাভার, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নতুন জোনের শান্তা ডেনিম ও শান্তা ইন্ডাস্ট্রিজে বুধবার গ্রেপ্তার হওয়া শ্রমিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ আট দফা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে।
সকাল ৮টার দিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান শান্তা ডেনিম ও শান্তা ইন্ডাস্ট্রিজের প্রায় চার হাজার শ্রমিক ডিইপিজেডের নতুন জোনের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। সকাল ১০টার দিকে তারা বিক্ষোভ করে বাইপাইল ইপিজেড সড়কে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়।
এ সময় শ্রমিকরা ইপিজেড এর বেপজা কার্যালয়ে তাদের দাবিনামা দেয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামের কাছেও দাবিনামার একটি অনুলিপি দেওয়া হয়। আট দফা দাবিনামার আরেকটি কপি নিয়ে শ্রমিকরা ধানমণ্ডির বেপজার প্রধান কার্যালয়ে দিতে গেলে বাইপাইল মোড়ে পুলিশ তাদের তিনটি গাড়ি আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক শ্রমিক জানান, তাদের বিরুদ্ধে কারখানা কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। মামলা প্রত্যাহারসহ দাবি দাওয়া না মানলে কর্মবিরতি অব্যাহত থাকবে।
শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক ইকবাল হোসেন জানান, শান্তা ডেনিম ও শান্তা ইন্ডাস্ট্রিজে গত ৬ ও ৭ অক্টোবর শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কারখানা কর্তৃপক্ষ গত ৮ অক্টোবর কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলেও পরদিন কারখানা খুলে দেয়। ওই দিন কর্তৃপক্ষ আশুলিয়া থানায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা একশ থেকে দেড়শ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করে। তাদের মধ্যে ৬/৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শান্তা ডেনিম ও শান্তা ইন্ডাস্ট্রিজের সাধারণ ব্যবস্থাপক (জিএম) উইং কমান্ডার মাহবুবুর রহমান দাবি করেন, কিছু বখাটে শ্রমিক অন্যদের উস্কানি দিয়ে বিক্ষুব্ধ করে তুলছে। তবে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করা হচ্ছে।
অন্যদিকে, ইপিজেড এ বেপজার সাধারণ ব্যবস্থাপক এস এম আব্দুর রশিদ অভিযোগ করেন, "শ্রমিকরা তাদের দাবির মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।"
আব্দুর রশিদ বলেন, "বর্তমানে ২৫ শতাংশ শ্রমিক স্বাভাবিকভাবে কাজ করছে। দুপুর ২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন দিকে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে।"
শ্রমিকদের আট দফা দাবি হচ্ছে, গ্রেপ্তার হওয়া শ্রমিকদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার করতে হবে, শ্রমিকদের আইনানুগ সব সরকারি ছুটি দিতে হবে, ছাটাই কার শ্রমিকদের পুনর্বহাল ও আইনানুগ ক্ষতিপূরণ দিতে হবে, শ্রমিকদের ছুটি দেওয়া হলে হাজিরা বোনাস প্রদান করতে হবে, বেতন শতকরা ১০ শতাংশ বাড়াতে হবে, ছুটির দিনে কাজ করানো হলে দ্বিগুন হারে ওভারটাইম দিতে হবে, চাকরি থেকে অব্যাহতি দিলে তাকে আইনানুগ সমস্ত পাওনা দিতে হবে ও দুই ঈদের কোনো বদলি ছুটি দেওয়া যাবে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২৪৫ ঘ.
bdnews24