২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর ও চট্টগ্রামে চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যশোর ও চট্টগ্রামে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে ৪২ বোতল ফেনসিডিল ও ৮০০ গ্রাম হেরোইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 07:16 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোর ও চট্টগ্রামে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে ৪২ বোতল ফেনসিডিল ও ৮০০ গ্রাম হেরোইন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকা থেকে মোহাম্মদ নাইমুল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে র‌্যাব মঙ্গলবার রাতে ৪২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম জানান, র‌্যাবের একটি টহল দল ছোটপুল এলাকার মুন্সী মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে নাইমুলকে গ্রেপ্তার করে। তার কাছে ৪২ বোতল ফেনসিডিল, ২৩টি খালি বোতল এবং নগদ ৪ হাজার ৩৫০ টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সরবরাহের কথা নাইমুল স্বীকার করেছে বলে র‌্যাব জানায়। নাইমুলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার স্টেশন পাড়া এলাকায়। যশোর প্রতিনিধি জানান, শার্শা উপজেলার সাদিপুর গ্রামে বুধবার ভোররাতে অভিযান চালিয়ে ৮০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ফয়সল হোসেন, তার স্ত্রী লিপি খাতুন ও ভাই দেলোয়ার হোসেন। গোপন সূত্রে খবর পেয়ে ফয়সলের বাড়িতে অভিযান চালিয়ে আট প্যাকেট হোরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শাহ দারা খান। তিনি জানান, প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম হেরোইন ছিল। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরেই হেরোইন ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃতদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১৩১৩ ঘ.