২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুমের অভাবের সঙ্গে মানসিক অসুখের সম্পর্ক থাকতে পারে

মার্কিন চিকিৎসা বিজ্ঞানীদের এক নতুন গবেষণায় দেখা গেছে, দীর্ঘক্ষণ ঘুম থেকে বঞ্চিত হলে মানুষের মস্তিষ্ক 'ক্লান্ত এবং অতি আবেগপ্রবণ' হয়ে পড়ে। স্ক্যান করে মস্তিষ্কের এ প্রতিক্রিয়া দেখা সম্ভব। বিজ্ঞানীরা কিছুসংখ্যক স্বেচ্ছাসেবীকে ৩৫ ঘন্টা না ঘুমিয়ে রেখে তারপর তাদেরকে কিছু ছবি দেখান। ওই ছবিগুলো তাদেরকে উত্তেজিত বা বিষন্ন করার জন্য তৈরি করা হয়েছিল। স্ক্যানে দেখা যায়, এ ছবিগুলো দেখানোর সময় না-ঘুমানো স্বেচ্ছাসেবীদের মস্তিস্ক ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 08:16 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ক্যালিফোর্নিয়া, ২৪ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)-- মার্কিন চিকিৎসা বিজ্ঞানীদের এক নতুন গবেষণায় দেখা গেছে, দীর্ঘক্ষণ ঘুম থেকে বঞ্চিত হলে মানুষের মস্তিষ্ক 'ক্লান্ত এবং অতি আবেগপ্রবণ' হয়ে পড়ে। স্ক্যান করে মস্তিষ্কের এ প্রতিক্রিয়া দেখা সম্ভব। বিজ্ঞানীরা কিছুসংখ্যক স্বেচ্ছাসেবীকে ৩৫ ঘন্টা না ঘুমিয়ে রেখে তারপর তাদেরকে কিছু ছবি দেখান। ওই ছবিগুলো তাদেরকে উত্তেজিত বা বিষন্ন করার জন্য তৈরি করা হয়েছিল। স্ক্যানে দেখা যায়, এ ছবিগুলো দেখানোর সময় না-ঘুমানো স্বেচ্ছাসেবীদের মস্তিস্ক ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠছে। বিশেজ্ঞরা বলছেন, ঘুমের সমস্যার সঙ্গে মানসিক অসুখের যে সম্পর্ক রয়েছে এটি তারই ইঙ্গিত দেয়। তবে একজন ব্রিটিশ বিশেষজ্ঞ আবার বলেছেন, মানসিক সমস্যার জন্য শুধু ঘুমের অভাবকে এককভাবে দায়ী করা যাবে না। ইউনিভার্সিটি অব ক্যালফোর্নিয়া অ্যাট বার্কলে এবং হার্ভার্ড মেডিক্যাল স্কুলের কয়েকটি গবেষকদল ঘুম-বঞ্চিত স্বেচ্ছাসেবীদের মস্তিস্ক পর্যবেক্ষণের জন্য ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এফএমআরআই) প্রযুক্তি ব্যবহার করেন। এ প্রযুক্তিটির মাধ্যমে বিজ্ঞানীরা মস্তিস্কের ভেতর রক্তের প্রবাহ সরাসরি দেখতে পান। এ থেকে মস্তিস্কের কোন অংশটি সবচেয়ে বেশি সক্রিয় তা বোঝা যায়। গবেষকরা দেখেছেন, অ্যামিগডালা নামে মস্তিস্কের যে অংশটি আবেগ প্রকাশের সঙ্গে জড়িত তা ওই কার্ডগুলো দেখানোর পর স্বাভাবিকভাবে ঘুমানো মানুষের চেয়ে বেশি (৬০ শতাংশ বেশি) প্রতিক্রিয়া দেখায়। গবেষক ম্যাথিউ ওয়াকার বলেন, "বৃদ্ধির এ পরিমাণ সত্যিই আমাদের বিস্মিত করেছে।" তিনি বলেন ,"এ যেন ঘুমের অভাব হলে মস্তিস্ক একান্ত প্রাথমিক কার্যকলাপের মধ্যে নিজে গুটিয়ে নেয় এবং আবেগের বিষয়গুলো ঠিক বুঝে উঠতে পারে না।" গবেষক ম্যাথিউ ওয়াকার মন্তব্য করেন, সমীক্ষার এ ফলাফল ঘুম এবং মানসিক সমস্যার সঙ্গে যোগসূত্রের ওপর কিছু আলোকপাত করতে পারে। তিনি বলেন, "ক্লিনিক্যাল প্রমাণে দেখা গেছে, প্রায় সব মানসিক অসুখের সঙ্গেই ঘুমের সমস্যার বিষয়টি জড়িত আছে। এটা কেন হয়, নতুন এ তথ্যগুলো দেখে তার কিছু হদিস মিলতে পারে।" এদিকে যুক্তরাজ্যের লাউবরো বিশ্ববিদ্যালয়ের নিদ্রা গবেষণা কেন্দ্র-র অধ্যাপক জিম হর্ন মার্কিন এ গবেষণাকে স্বাগত জানালেও বলেছেন মানসিক স্বাস্থ্য ও ঘুমের মধ্যে সম্পর্কের জট খোলার জন্য এ তথ্যকে ব্যবহার করা যাবে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/০২০৬ঘ.