চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশে রপ্তানি করা চিংড়ির মান যাচাই ও রপ্তানি প্রক্রিয়া খতিয়ে দেখতে দুই সদস্যের ইইউ প্রতিনিধি দল মঙ্গলবার চট্টগ্রাম সফর করেছে।
ইইউ ফুড এন্ড ভেটেরেনারি মিশনের দুই সদস্য জন ম্যাকভয় ও রাজ প্যাটেল সকালে ষোলশহরে জেলা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কার্যালয়ের পরীক্ষাগার ঘুরে দেখেন। এরপর দুপুরে তারা সাগরিকা রোডে বেক্সিমকো সি ফুড প্ল্যান্ট পরিদর্শন করেন।
এ সময় তাদের সঙ্গে ছিলেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব এমরান আহমেদ, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ পরিচালক সিরাজুল ইসলাম এবং মৎস্য অধিদপ্তরের বিভিন্ন বৈজ্ঞানিক কর্মকর্তা ও রপ্তানিকারকরা।
বিকেলে প্রতিনিধি দলটি রাজধানীর উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেন বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক এসোসিয়েশনের সচিব শওকত হোসেন বাবুল। তিনি বলেন, "চট্টগ্রামের সফরের মাধ্যমে এ দলটির মাঠ পর্যায়ের সফর শেষ হলো। আগামীকাল (বুধবার) তারা মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।"
শওকত হোসেন বাবুল জানান, বাংলাদেশের হিমায়িত মৎস্য প্রক্রিয়াজাত কারখানাগুলোর মান পরিদর্শন ছাড়াও প্রতিনিধি দলটি খুলনা ও বাগেরহাট অঞ্চলের বিভিন্ন চিংড়ি হ্যাচারি ঘুরে দেখেছে।
এর আগে ২০০৫ সালের নভেম্বরে আরেকটি ইইউ প্রতিনিধি দল মৎস্য প্রক্রিয়াজাত কারখানার মান পরীক্ষার জন্য বাংলাদেশ সফর করেছিল বলে তিনি জানান। সে সময় তারা ৮০টি হিমায়িত মৎস্য কারখানা পরিদর্শন করে।
ওই সফরের সময় মৎস্য প্রক্রিয়াজাতকালে ক্ষতিকর জীবাণু শনাক্ত করার জন্য ঢাকায় একটি 'এলসিএমএস এমএস' মেশিন স্থাপনের তাগিদ দেওয়া হয়েছিল। পরে গত বছরের শেষ দিকে ঢাকার মৎস্য মন্ত্রণালয়ের ল্যাবরেটরিতে মেশিনটি স্থাপন করা হয়। প্রায় সাড়ে তিন কোটি টাকার এ মেশিন কেনার জন্য বেশিরভাগ অর্থের যোগান দেন রপ্তানিকারকরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/২০৩০ ঘ.
bdnews24