২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সম্পদের অনুসন্ধান স্থগিত করেছে দুদক

হাইকোর্টের আদেশের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদের বিষয়ে অনুসন্ধান স্থগিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সচিব মো. মোখলেস উর রহমান মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 02:28 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের আদেশের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদের বিষয়ে অনুসন্ধান স্থগিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সচিব মো. মোখলেস উর রহমান মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শেখ হাসিনার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম স্থগিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে আজ (মঙ্গলবার) নির্দেশ দেওয়া হয়েছে।" গত বৃহস্পতিবার হাসিনার আইনজীবী ব্যরিস্টার ফজলে নূর তাপস দুদককে উকিল নোটিশ পাঠান। এতে বলা হয়, সম্পদের হিসাব চেয়ে দুদকের পাঠানো নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি চলছে। হাইকোর্টের নির্দেশানুযায়ী, শুনানি শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। দুদক সচিব জানান, এর পরিপ্রেক্ষিতে কমিশন মঙ্গলবার অনুসন্ধান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। গত ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তারের পরদিন ১৭ জুলাই তার সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠানো হয়। পরে নোটিশের বৈধতা চ্যলেঞ্জ করে শেখ হাসিনা হাইকোর্টে রিট আবেদন করলে আদালত নোটিশের কার্যক্রম স্থগিত করে। সরকার এ আদেশের বিরুদ্ধে আবেদন করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি নিষ্পত্তির জন্য আবার হাইকোর্টে পাঠায়। সর্বশেষ গত ২৬ সেপ্টেম্বর এ রিট আবেদনের শুনানি হয়েছে। ঈদ ও পূজার ছুটি শেষে ২৮ অক্টোবর আদালত খোলার পর আবার শুনানি অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা গত ২ সেপ্টেম্বর সম্পদের হিসাব কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন। ৩ সেপ্টেম্বর তা দুদকে জমা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এসএনডি/এমএ/২০১৩ ঘ.