২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের পটিয়ায় বাস-টেম্পু সংঘর্ষে শিশু নিহত

পটিয়া উপজেলার শান্তির হাট এলাকার চট্টগ্রাম-কক্সবাজার সড়কে মঙ্গলবার সকালে বাস-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত এবং চার জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 06:59 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পটিয়া উপজেলার শান্তির হাট এলাকার চট্টগ্রাম-কক্সবাজার সড়কে মঙ্গলবার সকালে বাস-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত এবং চার জন আহত হয়েছে। দুর্ঘটনায় নিহত টেম্পুযাত্রী জান্নাতুল ফেরদৌস পিংকী(৬) পটিয়া উপজেলার মধ্যম জিরি গ্রামের আবু তাহেরের মেয়ে। আহত চার ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক আলী আশরাফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে শান্তির হাট এলাকায় চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে পটিয়াগামী একটি যাত্রীবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিংকী মারা যায়। আহত হয় পিংকীর বাবা আবু তাহেরসহ চার টেম্পুযাত্রী। পুলিশ বাসটি আটক করেছে তবে চালক পালিয়ে গেছে। দুর্ঘটনায় আহত আবু তাহের(৩০), মোহাম্মদ আলম(২৫), কামাল হোসেন(৩০) ও মোহাম্মদ ফরিদকে(২৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জয়নাল মিয়া। আহতরা সবাই পটিয়া উপজেলার জিরি ও কুসুমপুরা গ্রামের বাসিন্দা বলে তিনি জানান। এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা আলী আশরাফ জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩০০ ঘ.