২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

খুলনা, নাটোর, রংপুর, ফরিদপুর ও মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এর মধ্যে খুলনায় নিহত হয়েছেন তিন ব্যবসায়ী। নাটোরে প্রাইভেট কার উল্টে আওয়ামী লীগ নেতা সুবেদ আলী ভুঁইয়ার নাতি ঘটনাস্থলে মারা গেছে। রংপুরে বাসচাপায় এক বৃদ্ধা নিহত হওয়ার পর এলাকবাসী রংপুর-ঢাকা মহাসড়ক একঘণ্টা অবরোধ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 03:39 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা, নাটোর, রংপুর, ফরিদপুর ও মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এর মধ্যে খুলনায় নিহত হয়েছেন তিন ব্যবসায়ী। নাটোরে প্রাইভেট কার উল্টে আওয়ামী লীগ নেতা সুবেদ আলী ভুঁইয়ার নাতি ঘটনাস্থলে মারা গেছে। রংপুরে বাসচাপায় এক বৃদ্ধা নিহত হওয়ার পর এলাকবাসী রংপুর-ঢাকা মহাসড়ক একঘণ্টা অবরোধ করে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনা: খানজাহান আলী সেতুর (রূপসা ব্রিজ) টোল প্লাজার কাছে সোমবার ভোরে একটি ট্রাক রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করলে ট্রাক আরোহী তিন কাঁচামাল ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। এরা হলেন, মাদারীপুর জেলার মো. গোলাম মওলা (৩৫), লাভলু মাতুব্বর (৩৩) ও ঝিনাইদহ জেলার পরেশ (১৯)। দুর্ঘটনায় মাসুম মোল্লা (৩০) ও আলী আসগার (২৮) নামে আরও দুজন আহত হন। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুদ্দিন জানান, খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। নাটোর: বড়াইগ্রাম উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের রেজ্জাকের মোড়ে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রাইভেট কার উল্টে আওয়ামী লীগ নেতা সুবেদ আলী ভুঁইয়ার নাতি জারিপ (১১) ঘটনাস্থলে নিহত হয়েছে। দুর্ঘটনায় সুবেদ আলীর ছেলে মেজর মহম্মদ আলী ভুঁইয়া, পুত্রবধূ রুহুানি আমরিন, ছোট নাতি সাহেদ ও তাদের কাজের মেয়ে আহত হন। প্রথমে তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হলেও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহিদুর রহমান জানান, মেজর মহম্মদ আলী ভুঁইয়া নিজেই গাড়ি চালিয়ে রাজশাহী থেকে বনপাড়া-হাটিকুমরুল সড়ক হয়ে ঢাকা যাচ্ছিলেন। রেজ্জাকের মোড়ে আসার পর আকস্মিক ব্রেক করায় গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। এতে জারিপ ঘটনাস্থলেই মারা যায়। রংপুর: জেলার মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর বাজারের কাছে সোমবার সন্ধ্যায় বাসের নিচে চাপা পড়ে আছমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয় জনতা রংপুর-ঢাকা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে আছমা বেগম বলদীপুকুর বাজারের কাছে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে শত শত যানবাহন আটকা পড়ে। পরে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুল হক জানান, আছমা বেগমকে চাপা দেওয়া বাসটি সনাক্ত করা যায়নি । ফরিদপুর: ভাঙ্গা উপজেলার শুয়াদি এলাকায় ঢাকা-গোপালগঞ্জ সড়কে রোববার রাতে মাইক্রোবাসের চাপায় দুজন নিহত হয়েছেন। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে মহাসড়ক পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, মাইক্রোবাসটি একটি রিকশাভ্যানকে চাপা দিলে ভ্যান আরোহী সাবের মাতব্বর (৫০) ও খালেক নাজির (৫২) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মামলা হলেও মাইক্রোবাসটি সনাক্ত করা যায়নি বলে পুলিশ কর্মকর্তা তরিকুল জানান। মুন্সীগঞ্জ: শ্রীনগর উপজেলার ষোলঘর উমপাড়ায় ঢাকা-মাওয়া সড়কে সোমবার দুপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালক নিহত ও ৩০ জন আহত হয়েছে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি বাসের সঙ্গে দোহারগামী আরাম পরিবহনের একটি বাসের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। তিনি জানান, দুর্ঘটনায় আরাম পরিবহনের চালক আব্দুল জালিল (৪৫) ঘটনাস্থলেই মারা যান। আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। বাস দুটি আটক করা হয়েছে বলে সাইদুর রহমান জানান। তবে ইলিশ পরিবহনের চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/এসএনডি/২১৩০ ঘ.