২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দুলু ও তার তিন ভাইসহ ৬৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার তিন ভাইসহ ৬৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 01:01 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

নাটোর, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার তিন ভাইসহ ৬৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সোমবার সদর উপজেলার নলডাঙ্গা থানার রামশাকাজীপুর গ্রামের হরিদাকোলসী মসজিদের ইমাম আব্দুল আহাদ শাহ্ বাদি হয়ে নাটোর এক নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। আসামিদের মধ্যে রয়েছেন দুলুর ভাই রুহুল আমীন তালুকদার টগর, নুরুন্নবী তালুকদার, রফিকুল ইসলাম তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শাহ্ আলম। অন্য আসামিরাও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০০৪ সালের ১৯ মার্চ আসামিরা বাদিকে মসজিদ থেকে জোর করে সাবেক উপমন্ত্রীর গ্রামের বাড়ির পাশে জনৈক রহিমের বাড়িতে নিয়ে যায়। সেখানে আসামিরা মোবাইল ফোনে দুলুর সঙ্গে কথা বলে। মোবাইলে দুলুর নির্দেশ পেয়ে আসামিরা বাদির কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তখন বাদি নিরুপায় হয়ে ৯ হাজার টাকা দুলুর ভাই টগরের হাতে তুলে দেন। কিন্তু পুরো টাকা না পাওয়ায় আসামিরা ১৯ মার্চ সারা রাত আটকে রেখে পিস্তলের বাট দিয়ে বাদিকে বেদম মারপিট করে বলে এজাহারে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, আসামিরা প্রভাবশালী হওয়ায় ঘটনার সময় মামলা করা যায়নি। ম্যাজিস্ট্রেট আরিফ পাশা বাদির অভিযোগ গ্রহণ করেন এবং নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। মামলার প্রধান আসামি সাবেক উপমন্ত্রী দুলু এখন কারাগারে রয়েছেন। নাটোরের রামশাকাজীপুরে বাড়ি পোড়ানোর দুই মামলায় ২০ বছর সাজা খাটছেন তিনি। মামলার অন্যতম আসামি ও দুলুর ভাই রুহুল আমিন টগর দাবি করেছেন, মামলাটি রাজনৈতিক প্রতিহিংসাবশত করা হয়েছে। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলায় উল্লিখিত আসামিরা কেউ বাদির কাছে কখনো চাঁদা নেয়নি বা দাবিও করেনি। এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৫ ঘ.