ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে কাজ শুরু করেছে বিশেষ টাস্কফোর্স। এখন থেকে তারা ডিসিসিতে বিশেষ সেল খুলে তদারকি চালাবে।
সোমবার দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত টাস্কফোর্সের ছয় সদস্যের একটি দল মেয়র সাদেক হোসেন খোকার সঙ্গে বৈঠকের পর কাজ শুরু করে। ঢাকার মেয়র এ ঘটনাকে 'ইতিবাচক পদক্ষেপ' মন্তব্য করে স্বাগত জানিয়েছেন।
টাস্কফোর্সের সদস্যরা দুপুরে নগর ভবনে আসার পর সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কমে যায় আগন্তুকদের আনাগোনা। এ সময় গুজব ছড়িয়ে পড়ে মেয়র গ্রেপ্তার হচ্ছেন।
পরে লেফটেন্যান্ট কর্নেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দীনের নেতৃত্বে টাস্কফোর্সের ছয় কর্মকর্তা মেয়রের সঙ্গে আধঘণ্টা কথা বলেন। এরপর তারা ডিসিসির বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর মেয়র সাংবাদিকদের বলেন, "ডিসিসির কাজকে আরও গতিশীল করার জন্য তারা (টাস্কফোর্স) সহযোগিতা করবে। তারা আমাদের সার্ভিস রুল দেখবে। আমরা এর আগে যে কাজগুলো করেছি তারা সেগুলো খতিয়ে দেখবে। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত কাজগুলোও তারা দেখবে।"
টেন্ডার, মশক নিধন অভিযানসহ বিভিন্ন কার্যক্রমে কোনো অনিয়ম হয়ে থাকলে টাস্কাফোর্স সেগুলোও খতিয়ে দেখবে বলে জানান সাদেক হোসেন খোকা।
বিশেষ টাস্কফোর্স এখন থেকে নগর ভবন থেকেই কার্যক্রম পরিচালনা করবে জানিয়ে মেয়র বলেন, "আগে কোনো সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তারা এসে তদন্ত করে আবার চলে যেত। আজ আলোচনা করে মনে হয়েছে তাদের কাজ অনেক। ফলে এসব কাজ করতে হলে সময়ের প্রয়োজন। এখন ওনারা এখানে বসে অফিস করবেন। এক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা করবো। ইতিমধ্যেই তাদের জন্য কক্ষ বরাদ্দের জন্য সচিবকে বলা হয়েছে।"
তিনি বলেন, "সেপ্টেম্বর মাসে ডিসিসির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দেওয়া হয়েছিল। সবখানে সংস্কার চলায় ডিসিসিতেও সংস্কার কার্যক্রম হাতে নেওয়ার জন্য সে চিঠিতে অনুরোধ জানানো হয়েছিল। হতে পারে এজন্যই তারা এসেছে ।"
গ্রেপ্তারের গুজব সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি সাদেক হোসেন খোকা।
এদিকে, মেয়র ও বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে লেফটেন্যান্ট কর্নেল সালেহউদ্দীন সাংবাদিকদের বলেন, "ডিসিসির কোনো সমস্যা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। জনগণের এ প্রতিষ্ঠানটিকে কীভাবে আরও গতিশীল করা যায় সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো। এখানকার সংস্কারের বিষয়টিও আমরা দেখবো।"
ডিসিসি সচিব গোলাম মোস্তফা সভা থেকে বেরিয়ে বলেন, "নাগরিক সুবিধা কীভাবে বাড়ানো যায় এসব বিষয়ে আমরা কিছু পরামর্শ দিয়েছি, তারাও আমাদের কিছু পরামর্শ দিয়েছেন। কোথাও অনিয়ম পাওয়া গেলে বিষয়টি তারা তদন্ত করবে।"
বিকেল ৫টার দিকে টাস্কফোর্সের সদস্যরা ডিসিসি ত্যাগ করেন। যাবার সময় লে. কর্নেল সালেহউদ্দীন সাংবাদিকদের বলেন, "প্রয়োজনে আবার আসবো।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসএনডি/এমএ/১৭০৩ঘ.
bdnews24