সিরাজগঞ্জ, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে আব্দুস সালাম (৪৫) এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সালামকে হত্যা করা হয়ে থাকতে পারে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাত আনুমানিক ১১ টার দিকে শিয়ালকোল বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী সালামকে কুপিয়ে হত্যা করে পাশের ক্ষেতে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৩০ ঘ.
bdnews24