ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ভোরে ঠান্ডা হাওয়া, সকালে মিষ্টি রোদ, সন্ধ্যায় হালকা কুয়াশা - এ সব জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। বাজারে ওঠা শীতের সবজি যেন হয়ে উঠেছে এর বার্তাবাহক।
বেশ কয়েক মাসের গরমের পর সময়মত শীতের আগমন ঘটলেও আবহাওয়া অফিস জানিয়েছে, পুরোপুরি শীত অনুভূত হবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের শেষের দিক থেকে।
টানা কয়েকদিনের প্রচন্ড গরমের পর আবহাওয়ার এ পরিবর্তনে স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাজধানীবাসী। মলিবাগের বাসিন্দা শাহনাজ বেগম বলেন,"কয়েকদিন আগেও গরমের জন্য যেন জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। আর এখন রাতের দিকে একটু একটু ঠান্ডা পড়ায় বেশ ভালোই লাগে। ভোরের দিকে তো এখন ঠান্ডার জন্য গায়ে গরম কাপড় জড়াতে হয়।"
শীতকালের অন্যতম আকর্ষণ রাস্তায় রাস্তায় পিঠা বিক্রি এখনও শুরু না হলেও মিরপুর ১০ নম্বর সকশনের এক চা বিক্রেতা আব্দুর রহিম জানান, গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর তার দোকানে চা বিক্রির পরিমাণ কিছুটা বেড়েছে। তার মতে, গরমকালের চেয়ে মানুষ শীতকালে বেশি চা খায়। তার দোকানে অধিকাংশ সময় রিক্সাওয়ালারা চা খেতে আসলেও শীতকালে বিক্রি বেড়ে যাওয়ায় এ সময়টাকেই তিনি বেশি পছন্দ করেন।
শীতকালের অন্যতম আকর্ষণ হরেক রকমের শাকসবজি। শীতের আগমনকে স্বাগত জানানোর জন্যই বেশ কিছুদিন ধরে বাজারে উঠতে শুুরু করেছে শীতকালীন সবজি। তবে আবহাওয়া ঠান্ডা হলেও এসব সবজির দাম আগুনের মত বলে জানান ধানমন্ডির বাসিন্দা রাজিব আহমেদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএফ/জিএনএ/১১২০ ঘ.
bdnews24