বোস্টন, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- যুক্তরাষ্ট্র সফররত সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, ২০০৮ সালে নির্ধারিত নির্বাচনের আগে অনেক কিছুই ঘটতে পারে।
রোববার বোস্টনের কাছে হলব্র"ক শহরে অনাবাসী বাংলাদেশীদের সঙ্গে এক মতবিনিময় সভায় জেনারেল মইন আগামীতে বাংলাদেশে সম্ভাব্য কী কী ঘটতে পারে তা একটি গল্পের মাধ্যমে বর্ণনা করেন। যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান নাসিম।
জেনারেল মইন বলেন,"একদেশে ছিল এক রাজা। তিনি দেশের বুদ্ধিমান লোকদের ধরে নিয়ে হত্যা করতেন। একবার এক বুদ্ধিমান লোককে ধরে নেওয়া হলে তিনি রাজার কাছে এক বছর সময় চান। রাজাকে তিনি বলেন,'আমাকে এক বছর সময় দিলে আমি একটি ঘোড়াকে উড়তে শেখাতে পারবো।' এ কথা শুনে রাজা তাকে সময় দেন। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা তাকে জিজ্ঞেস করে, এ কথা তুমি রাজাকে বললে কেন? সে সময় লোকটি উত্তর দেন, 'একবছর অনেক লম্বা সময়, এসময়ের মধ্যে অনেক কিছুই ঘটতে পারে। আমি মারা যেতে পারি কিংবা রাজা মারা যেতে পারেন। এমনকি ঘোড়াটিও উড়তে শিখতে পারে'।"
এক প্রশ্নের জবাবে মইন উ বলেন, দুর্নীতি গণতন্ত্রকে হত্যা করে তাই সরকার দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।"
এসময়ের মধ্যে সরকারের কয়েকটি সফল উদ্যোগের কথা তুলে ধরে তিনি ১ নভেম্বর থেকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরন বাস্তবায়ন, নির্বাচন কমিশনের সংস্কার, ছবিসহ ভোটার তালিকা প্রস্তুতকরণ, সরকারি কর্মকমিশনের সংস্কার সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলেন।
দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে জেনারেল মইন বলেন, আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে বাংলাদেশে। একইসঙ্গে চট্টগ্রাম বন্দরের কাজের গতিশীলতা বেড়েছে বলেও দাবি করেন তিনি।
সেনাপ্রধান দলীয় রাজনীতিতে জড়িত না হয়ে দেশের উন্নয়নে বিনিয়োগ করতে অনাবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান। এক্ষেত্রে দেশে আগমন এবং বিদেশে প্রত্যাগমনের ক্ষেত্রে সুবিধা দেওয়া হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিএন/এমএ/এফএফ/জিএনএ/০৯৩০ ঘ.
bdnews24