ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - পাচার করা হচ্ছে সন্দেহে ৯ শিশুসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে আটটার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার তৃঞ্চা পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় ট্রাফিক সার্জেন্ট সাব্বির তাদের সন্দেহমূলকভাবে আটক করে থানায় দিয়ে আসেন।
শিশুরা হলো নেছার (১২), হিরন (১১), রিয়াদ (১১), সালেহ আহম্মেদ (১০), ফরিদ (৮), রহমান (১০), হাবিব (৯), জসিম (১২) ও রহমান (১০)।
আটক তিন সন্দেহাভাজন হলেন সাদেক (২৪), সাদ্দাম (২০) ও লাভলী (১৯)।
উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, উদ্ধার করা শিশুদের সবার বাড়ি চাঁদপুর সদর থানার শ্রীরামপুর এবং বহিরিয়া গ্রামে। তাদের চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের তারাবো, নোয়াপাড়ায় জামদানি শাড়ি কারখানায় কাজ দেওয়ার কথা বলে আনা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাচারকারী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/এমএসবি/০১০৬ ঘ.
bdnews24