ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল পৌরসভায় সোমবার থেকে ভোটার তালিকার জন্য ছবি তোলার কাজ শুরু হচ্ছে। এছাড়া জয়পুরহাটে ৪ নভেম্বর থেকে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। এ জেলায় ভোটার তালিকা ও ছবিসহ জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ শুরু হবে ১১ নভেম্বর।
আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, সোমবার থেকে টাঙ্গাইল পৌরসভায় ভোটারদের ছবি তোলার কাজ শুরু হচ্ছে। জেলা নির্বাচন অফিসার মো. আলিমুজ্জামান রোববার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, সকাল ৯টায় বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হবে।
তিনি জানান, টাঙ্গাইল পৌর এলাকার ১৩টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রের মাধ্যমে ৫৬ হাজার ৩৯৫ জন ভোটারের ছবি তোলা হবে। এজন্য ১৯২টি ল্যাপটপ কম্পিউটার বরাদ্দ করা হয়েছে। এছাড়া ৩০ জন সহকারি রেজিস্ট্রেশন অফিসার, ২৩৪ জন সুপারভাইজার ও এক হাজার ১৪৯ জন তথ্যসংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে।
২ নভেম্বর টাঙ্গাইল পৌরসভা এবং ২১ নভেম্বর সদর উপজেলায় ছবিসহ ভোটার তালিকার কাজ শেষ হবে বলে আলিমুজ্জামান জানান।
এদিকে আমাদের জয়পুরহাট প্রতিনিধি জানান, ভোটার তালিকা তৈরি ও ছবিসহ জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ শুরু করার লক্ষ্যে রোববার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে এ সভায় ভোটারদের তথ্য সংগ্রহ, নিবন্ধন, ছবিসহ জাতীয় পরিচয়পত্র তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় জানানো হয়, আগামী ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হবে। ১১ নভেম্বর থেকে শুরু হবে ভোটার রেজিষ্ট্রেশন ও ছবিসহ জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ। ৬৬৩ জন তথ্য সংগ্রহকারী, ১৪০ জন সুপারভাইজার ও ১৮ জন সহকারি নিবন্ধন কর্মকর্তাসহ মোট ৮২১ জন কর্মকর্তা-কর্মচারী এ দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২১৪৫ ঘ.
bdnews24