২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ ফ্লাইটের জন্য একটি বোয়িং বিমান ইজারা নিয়েছে বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ ফ্লাইট চালাতে একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ ইজারা নিয়েছে। এছাড়া তারা শিগগিরই হজ ফ্লাইটের সময়সূচি ঘোষণা করতে যাচ্ছে । বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা রোববার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বিমানের ওই কর্মকর্তা জানান, হজ ফ্লাইট চালানোর জন্য বিমান অস্ট্রেলিয়ার অসব্যান অ্যারোনটিক্যাল সার্ভিসের কাছ থেকে ৫৪৩ আসনের একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ ইজারা নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 11:27 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ ফ্লাইট চালাতে একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ ইজারা নিয়েছে। এছাড়া তারা শিগগিরই হজ ফ্লাইটের সময়সূচি ঘোষণা করতে যাচ্ছে । বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা রোববার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বিমানের ওই কর্মকর্তা জানান, হজ ফ্লাইট চালানোর জন্য বিমান অস্ট্রেলিয়ার অসব্যান অ্যারোনটিক্যাল সার্ভিসের কাছ থেকে ৫৪৩ আসনের একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ ইজারা নিয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহেই এই উড়োজাহাজটি দেশে পৌঁছুবে। এছাড়া বিমান কর্তৃপক্ষ সিসিলি এয়ার লিজিং এর কাছ থেকে ৩৫৩ আসনের আরেকটি ডিসি - ১০ - ১৫ ইজারা নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কাঙ্খিতসংখ্যক হজ যাত্রী পাওয়া গেলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কর্মকর্তাটি আরও জানান, বিমান কর্তৃপক্ষ এরই মধ্যে হজ ফ্লাইটের একটি খসড়া সময়সূচি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ে জমা দিয়েছে। শিগগিরই এটি চূড়ান্ত করে ঘোষণা করা হবে। এদিকে হজ এজেন্সিজ অব বাংলাদেশ (হাব) এর সভাপতি মোহাম্মাদ ফারুক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আগামী দুসপ্তাহের মধ্যে তারা সৌদি আরবে হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া করতে যাচ্ছেন। মোহাম্মাদ ফারুক বলেন, "এ বছর সব ধরণের আগাম প্রস্তুতি নেওয়ায় অন্তত বাড়ি ভাড়া নিয়ে কোনো জটিলতা হবে না। আমরা এখন বিমানের হজ ফ্লাইটের শিডিউল ঘোষণার অপেক্ষা করছি।" উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর থেকে বিমানের হজ ফ্লাইট শুরু হওয়ার কথা। এবার প্রতিজন হজযাত্রীর ভাড়া নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৫০ ডলার । অন্যবার সৌদিয়া মোট হজযাত্রীর অর্ধেক পরিবহন করলেও এবার তারা চার ভাগের এক ভাগের বেশি যাত্রী পরিবহন করতে পারবেনা বলে জানিয়েছে। তাদেরও হজযাত্রীর জনপ্রতি ভাড়া একই থাকছে। এবার প্রায় ৪০ হাজার হজ যাত্রী হওয়ার কথা। বিমানের একটি সূত্র জানায়, গতবার কয়েকটি হজ এজেন্সি মৌসুমের আগেই সৌদি আরবে বাসা ভাড়া না নেওয়ায় দেশটির সরকার হজ পালনে ইচ্ছুক প্রচুর বাংলাদেশী নাগরিককে ভিসা দেয়নি। এ কারণে হজ ফ্লাইট চালানোর জন্য সব ধরণের প্রস্তুতি থাকা সত্ত্বেও সেবার প্রতি ফ্লাইটে যাত্রী সঙ্কটের কারণে বিমানকে প্রচুর লোকসান দিতে হয়। সূত্র জানায়, ২০০৬ সালে বিমানের মোট ৩২ হাজার ৩৭৪ জন যাত্রী পরিবহন করার কথা ছিলো। কিন্তু সেবার তারা ২৪ হাজারের বেশি হজযাত্রী পায়নি। এ জন্য ইজারা নেওয়া ৫৮০ আসনের বোয়িং -৭৪৭ এবং ৩০১ আসনের ডিসি--১০ উড়োজাহাজের মধ্যে যাত্রীর অভাবে ডিসি--১০টিকে প্রায়ই অলস বসে থাকতে হয়েছিল। এ অবস্থায় সেবার বিমানের লোকসান হয় ১৫ কোটি টাকারও বেশি। সে বছর সৌদিয়া ১২ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৩৩০ ঘ.