ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার কাজ ২০২১ সাল পর্যন্ত স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন ম্যাজিস্ট্রেট রোকন উদ-দৌলা। তার মতে, বিচার বিভাগ আলাদা করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের যে বৈষম্য সৃষ্টি হয়েছে তার দূর করতেই এ সময় প্রয়োজন।
একই সঙ্গে ১ নভেম্বর বিচার বিভাগ আলাদা করার আগে এ বিষয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য পাওয়া না গেলে সে দিন থেকে নির্বাহী বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাজ বন্ধ করে দেয়ার আহ্বানও জানান ভেজাল বিরোধী আন্দোলনে নেতৃত্বদাতা এ ম্যাজিস্ট্রেট।
রোববার বিয়াম ফাউন্ডেশনের উদ্যোগে বিয়াম ভবনে 'সুশাসনের জন্য বিচার বিভাগের স্বাধীনতা' শীর্ষক আলোচনা সভায় রোকন উদ-দৌলা বলেন, "নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের মধ্যে বৈষম্যের সৃষ্টি হয়েছে। রাতারাতি ক্যু করে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটদের চেয়ার, চেম্বার এবং ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে।"
এভাবে বিচার বিভাগ আলাদা হলে দেশের মানুষের বিন্দুমাত্র লাভ হবে না বলে মন্তব্য করেন এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সমস্যা সমাধানে ২৭ তম বিসিএস থেকে ২০২১ সাল পর্যন্ত পর্যায়ক্রমে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, "২০২১ সালের আগে বিচার বিভাগ পৃথককরণের সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাবে না।"
বৈষম্য প্রতিরোধ জানিয়ে বিচার বিভাগীয় নৈরাজ্য প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে জানিয়ে রোকন উদ-দৌলা বলেন, "নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আহ্বান মেনে নেয়া না হলে নির্বাহী বিভাগের সব কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।"
তিনি বলেন, "নিজেদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য এখানে এসেছি। অধিকার আদায় না হলে জেলে কিংবা ফাঁসির মঞ্চে যেতেও আমার আপত্তি নেই।"
ম্যাজিস্ট্রেট রোকন বলেন, "ম্যাজিস্ট্রেটদের মান মর্যাদার জন্যই এ প্রশাসনে এসেছি। মান মর্যাদা না থাকলে সে প্রশাসনে থাকার কোনো প্রয়োজন নেই।"
সব স্তরেই দুর্নীতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "সচিব বা প্রশাসনিক বিভাগের কেউ দুর্নীতি করলে তা ফলাও করে প্রচার করা হয়। বিচার বিভাগের দুর্নীতির কথা বলা হলেই আদালত অবমাননার প্রশ্ন আসে। এ ধরনের বৈষম্য মেনে নেওয়া যায় না।"
বৈষম্যের আরেক চিত্র তুলে ধরে রোকন উদ-দৌলা বলেন, বিচারকদের চাকরির বয়সসীমা ৬৭ করা হলেও প্রশাসনের কর্মকর্তাদের চাকরির বয়স ৫৭ তে রাখা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৪৫২ ঘ.
bdnews24