কক্সবাজার, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারে বেড়াতে এসে মারা গেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সিনিয়র কাস্টমস কর্মকর্তা অনাথ নাথ ঘোষ (৭৬)। শনিবার বিকেলে মহেশখালী থেকে কক্সবাজার ফেরার পথে স্পিডবোটে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত শহরের ফুয়াদ আল খতীব হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান আগেই তার মৃত্যু হয়েছে।
অনাথ নাথের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার হরিপাল থানার পশ্চিম গোপিনাথপুর এলাকায়।
ফুয়াদ আল খতীব হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শাহ আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সোয়া ৪টার দিকে অনাথ নাথ ঘোষকে তাদের হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখেন আগেই তার মৃত্যু হয়েছে।
অনাথ নাথের ভাইপো রঞ্জুনাথ ঘোষ জানান, তারা তিনদিন আগে ভারত থেকে কক্সবাজার আসেন। শনিবার সকালে মহেশখালী উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান আদিনাথ মন্দিরে বেড়াতে যান। সেখান থেকে স্পিডবোটে ফেরার পথে অনাথ নাথ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
রঞ্জুনাথ জানান, অনাথ নাথ ডায়াবেটিক, ব্ল্যাড প্রেসারসহ নানা রোগে ভুগছিলেন। হয়তো গরমের কারণে হিটস্ট্রোক হয়ে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের জানান, ভারতীয় এ পর্যটকের মৃত্যুর বিষয়টি তাদের জানা নেই। তবে তারা এ ব্যাপারে খোঁজ নিচ্ছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহ আলম জানান, সন্ধ্যার পরপরই অ্যাম্বুলেন্সে অনাথের মরদেহ নিয়ে তার আত্মীয়স্বজন কক্সবাজার ত্যাগ করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24