২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরো চিঠিটি পড়

ঈদের দিন কারাবন্দি স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ড. আনোয়ার হোসেনের সঙ্গে কারাগারে সাক্ষাতের পর কয়েকটি বিষয় নিয়ে আমাদের পরিবারের সদস্যরা অত্যন্ত উদ্বিগ্ন, ব্যাথিত ও বিপন্ন বোধ করছে। গ্রেপ্তারের এক মাস পর আমার স্বামী ও বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষকদের ডিভিশন দেয়া হলেও তাদের রাখা হয়েছে শাস্তি দেয়ার জন্য নির্ধারিত আগের সেই সেলেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 10:17 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঈদের দিন কারাবন্দি স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ড. আনোয়ার হোসেনের সঙ্গে কারাগারে সাক্ষাতের পর কয়েকটি বিষয় নিয়ে আমাদের পরিবারের সদস্যরা অত্যন্ত উদ্বিগ্ন, ব্যাথিত ও বিপন্ন বোধ করছে। গ্রেপ্তারের এক মাস পর আমার স্বামী ও বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষকদের ডিভিশন দেয়া হলেও তাদের রাখা হয়েছে শাস্তি দেয়ার জন্য নির্ধারিত আগের সেই সেলেই। ওই পুরনো ভবনের দেয়াল ছত্রাকপূর্ণ হওয়ায় আমার স্বামীর নাক ও মাথায় ছত্রাক সংক্রমণ দেখা দেয়। গত ৩ অক্টোবর ধরে আমার স্বামীর বাম কানে ছত্রাক সংক্রমণ দেখা দেয়। অসহ্য ব্যথা সত্ত্বেও বারবার আবেদনের পর গত ১১ অক্টোবর তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয় এবং ওই দিনই তাকেসহ অপর শিক্ষকদের কারাগারে নবনির্মিত রূপসা ভবনে স্থানান্তর করা হয়। এ উদ্যোগের জন্য আমি উপ মহা কারা পরিদর্শককে ধন্যবাদ জানাই। যদিও কারাগারে চিকিৎসকদের অবহেলা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠাতে দীর্ঘসূত্রিতার কারণে আমার স্বামী বাম কানে এখন ঠিকমতো শুনতে পারছেন না এবং তিনি প্রচণ্ড ব্যথায় আক্রান্ত। ঈদের দিনে সাক্ষাৎপর্বে আমার স্বামী কিছু গুরুত্বপূর্ণ কথা মিডিয়ার মাধ্যমে সর্বসাধারণের কাছে পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করেন। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সেনা সদস্যদের দ্বারা অপমানিত, লাঞ্ছিত, বিপন্ন ও বিক্ষুব্ধ ছাত্রদের হাতে ইউনিফর্মধারী সেনা সদস্যদের লাঞ্ছিত হওয়ার জন্য ছাত্রদের হয়ে তাদের অভিভাবক হিসেবে ড. আনোয়ার হোসেন স্বতপ্রণোদিত হয়ে সম্মানিত জওয়ান থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত সব সেনা সদস্যদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছিলেন। দুর্বলতা বা করুণা লাভের জন্য তিনি তা করেননি। একজন দায়িত্বশীল নাগরিক ও নীতিনিষ্ঠ শিক্ষক হিসেবে তিনি তা উপলব্ধি করেছিলেন। সেনাসদস্য ও তাদের গাড়ির ওপর আক্রমনের বিষয়টি যেন কোনভাবেই দেশে সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, তার জন্য সেনা সদস্যদের আহত আত্মমর্যাদাবোধের দ্রুত নিরাময় হওয়া প্রয়োজন ছিল। ওপরে উল্লেখিত কথাগুলোর সঙ্গে তার গুরুত্বপূর্ণ আহ্বান ছিল, "ইউনিফর্মধারী সেনা সদস্যদের মতো ছাত্র-শিক্ষক-জনতারও আত্মমর্যাদাবোধ রয়েছে। তাই কখনো যেন তাতে আঘাত করা না হয়"। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এ কথাগুলো প্রচারে বাধা দেয়া হয়েছে; সম্পূর্ণ বক্তব্য মিডিয়াতে প্রচারিত হয়নি। যার ফলে জনগণের মাঝে ওই বক্তব্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। ড. আনোয়ার হোসেন আন্তরিকভাবে আশা করেছিলেন, তার স্বপ্রণোদিত আহ্বানের ফলে দেশ একদিকে সেনাবাহিনী ও অন্যদিকে ছাত্র-শিক্ষক-জনতার মুখোমুখি অবস্থানের ভয়াবহতা থেকে মুক্তি পাবে। তিনি এখনও বিশ্বাস করেন তার আন্তরিক আহবান সেনা সদস্যদের হৃদয়ের গভীর দাগ কেটেছে এবং স্বাধীন দেশের একটি সুশৃঙ্খল, প্রশিক্ষিত ও প্রজ্ঞাবান বাহিনীর সদস্য হিসাবে ছাত্র-শিক্ষকের ওপর তাদের আর কোনো আক্রোশ থাকবে না। কিন্তু নিতান্ত পরিতাপের বিষয়, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে ৮২ হাজার ছাত্র জনতার বিরুদ্ধে রুজু করা গণ মামলা প্রত্যাহার করে তা ৩৬ জনে সীমাবদ্ধ রাখার ও আর কাউকে গ্রেপ্তার না করার প্রতিশ্র"তির পর এবং ছাত্রদের অভিভাবক হিসাবে বিক্ষুব্ধ ছাত্রদের আচরণের জন্য ড. আনোয়ার হোসেন ক্ষমা প্রার্থনার পরও ছাত্রদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, রিমান্ডে তাদের ওপর নির্মম শারীরিক নির্যাতন চালিয়ে ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে তাদের ইচ্ছার বিরুদ্ধে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হচ্ছে। এমন আট জন শিক্ষার্থী শারীরিক আঘাত নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এখন নিরাপত্তাহীন জীবন কাটাচ্ছেন। ড. আনোয়ার হোসেন অত্যন্ত ব্যথিত যে তার ক্ষমা প্রার্থনাকে তুচ্ছ জ্ঞান করা হয়েছে। যেমনটা করা হয়েছিল খেলার মাঠে সেনা সদস্য কর্তৃক ছাত্র লাঞ্ছনার ঘটনাটিকে। ড. আনোয়ার হোসেন সরকার সেনাবাহিনী ও সচেতন দেশবাসীর একথা জানাতে বলেছেন যে, শুধু শিক্ষকদের মুক্তি দিয়ে তাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত মর্যাদাবোধ নিরাময় হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রেখে অতিদ্রুত দেশে সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনী যাতে গৌরবের সঙ্গে ব্যারাকে ফিরে যেতে পারে, তার জন্য শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার জন বন্দি শিক্ষক নয়, সব বিশ্ববিদ্যালয়ের বন্দি শিক্ষক ও ছাত্রদের বিশ্ববিদ্যালয় খোলার আগেই মুক্তি দেয়া এবং তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা নেয়া প্রয়োজন। এর পাশাপাশি প্রয়োজন অতিদ্রুত জরুরি অবস্থা প্রত্যাহার করে নাগরিকদের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়া প্রয়োজন, যাতে অভিযুক্ত নাগরিকরা তাদের বিরুদ্ধে আনা মামলাগুলো দেশের প্রচলিত আইনে মোকাবেলা করতে পারেন। ভয় দেখিয়ে দেশ শাসন করা যাবে না। জয় দেখিয়ে ছাত্র-শিক্ষক-নাগরিকদের আস্থা অর্জন করতে হবে এবং তাদের মনের শঙ্কা দূর করতে হবে। ড. আনোয়ার হোসেন এখনও গভীরভাবে বিশ্বাস করেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আর কেনো নতুন পরীক্ষা নিরীক্ষায় না গিয়ে আগামী ২০০৮ সালের প্রথম দিকে তাদের মূল কাজ একটি অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। এর মধ্য দিয়ে তারা গোটা দেশবাসীকে নির্বাচনমুখী করে তাদের পছন্দ মতো নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার অভিযাত্রায় সামিল করবেন। এতেই দেশের মঙ্গল হবে। এ ঐতিহাসিক কাজে ছাত্র শিক্ষক-জনতা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে প্রতিনিয়ত সহযোগিতা করে যাবে। দেশের মানুষ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে তত্ত্বাবধায়ক সরকার ও সেনাবাহিনীর ভূমিকাকে। স্বাক্ষর আয়েশা আক্তার