২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্তি আর উৎসবে মুখর দেবী দুর্গার পিত্রালয়

ঢোলের বাজনা, উলুধ্বনি, ধুনোর গন্ধ, সঙ্গে হাজারো ভক্তের অঞ্জলি আর হৈ চৈ। উৎসব আর দেবী দুর্গার পিত্রালয় যেন সমার্থক। সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গা পিতৃগৃহে এসেছেন দু'দিন হলো। তার প্রস্থানেরও বাকি আর দু'দিন। যাওয়ার সময় যতো ঘনিয়ে আসছে ততো বাড়ছে ভক্তদের আকুলতা। তারা ছুটছেন দেবী দর্শনে, নিবেদন করছেন অঞ্জলি। বিভিন্ন মণ্ডপ ঘুরে তারই বিবরণ জানাচ্ছেন গোলাম মর্তুজা অন্তু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2007, 02:48 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢোলের বাজনা, উলুধ্বনি, ধুনোর গন্ধ, সঙ্গে হাজারো ভক্তের অঞ্জলি আর হৈ চৈ। উৎসব আর দেবী দুর্গার পিত্রালয় যেন সমার্থক। সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গা পিতৃগৃহে এসেছেন দু'দিন হলো। তার প্রস্থানেরও বাকি আর দু'দিন। যাওয়ার সময় যতো ঘনিয়ে আসছে ততো বাড়ছে ভক্তদের আকুলতা। তারা ছুটছেন দেবী দর্শনে, নিবেদন করছেন অঞ্জলি। শুক্রবার সাপ্তাহিক ছুটি; তাই মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়ে দুর্গোৎসব পেয়েছিল সার্থক সার্বজনীন রূপ। সব ধরমের আর মরমের মানুষই দুর্গা দর্শনে পথে নেমেছেন। রাজনৈতিক নেতারাও এসেছিলেন বিভিন্ন মণ্ডপে। অঘটন এড়াতে পুলিশ ও র‌্যাব সদ্যসরা তৎপর ছিলেন। কিন্তু উৎসবের রঙে রঙিন মানুষের স্রোত সামলাতে হিমশিম খেতে হয়েছে তাদের। শুক্রবারের শেষ বিকেলে ঢাকেশ্বরী মন্দিরের প্রবেশমুখে কথা হলো অতনু ও শিলা চ্যাটার্জির সঙ্গে। স্বামী অতনু জানালেন, "সরকারি ছুটির দিনে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রণাম করেছি। কিন্তু সারাদিনে যেতে পেরেছি মাত্র ৫টি মণ্ডপে। আমদের ৫ বছরের ছেলে তৃষ্য কোলেই ঘুমিয়ে পড়েছিল।" সকালে রামকৃষ্ণ মিশনে ছিল কুমারী পূজা। সেখানেও ভক্তদের দারুণ ভীড়। বিকেলেও ঢাকেশ্বরী মন্দিরে ভক্তদের দীর্ঘ লাইন। নিরাপত্তার খাতিরে তল্লাশি হচ্ছিল। সবাইকে লাইন ধরে মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে মন্দিরে ঢুকতে হয়েছে। বিরস বদনে লাইন ঠেলে ভেতরে ঢোকার পর দেবী দর্শনে ক্লান্তি কেটেছে ভক্তদের। দীর্ঘ সময় প্রতিমার সামনে দাঁড়িয়ে প্রণাম করলেন অনেকে। মা'কে জানালেন দুঃখ সুখের কথা। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে ঢাকেশ্বরী মন্দিরের পূজা মণ্ডপে যান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, মুকুল বোস, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আব্দুর রহমান, মোস্তফা জালাল মহিউদ্দীন, ডা. দিপুমনি, কর্নেল ফারুক খান, অ্যাডভোকেট কামরুল ইসলামসহ কয়েকজন নেতা। দুর্গা দর্শন শেষে মন্দির প্রাঙ্গণে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিল্লুর রহমান। আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, "আবহমানকাল থেকে বাংলায় আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা হয়ে আসছে। এই উৎসবে অংশ নিয়ে আনন্দের ভাগীদার হয় সব ধর্মের মানুষ, যেমনটি হয় মুসলমানদের ঈদ উৎসবে। আমাদের নেত্রী শেখ হাসিনা প্রতিবছরই দেবী দর্শনে আসতেন। এবার তিনি নেই।" এর আগে তারা রামকৃষ্ণ মিশনেও যান। সেখানেও শুভেচ্ছা বক্তব্য রাখেন জিল্লুর রহমান। শুক্রবার সকালে রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। উপস্থিত সবার সঙ্গেই শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ঢাকেশ্বরী মন্দির ছাড়াও রামকৃষ্ণ মিশন, ঢাকা বিশ^বিদ্যালয়ের জগন্নাথ হল, ঐতিহ্যবাহী রমনা কালীমন্দির, আনন্দময়ী আশ্রম, স্বামীবাগের লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দিরসহ রাজধানীতে ১৬২টি মণ্ডপে এবার দুর্গা পূজা হচ্ছে। দশমী পর্যন্ত চলবে ভক্তদের এই আনন্দযাত্রা। এদিকে পাকিস্তানের করাচিতে বোমা হামলার পর বাংলাদেশেও কোনো নাশকতার আশঙ্কা আছে কি না জানতে চাওয়া হয়েছিল র‌্যাবের মহা পরিচালক হাসান মাহমুদ খন্দকারের কাছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বিষয়টি নিয়ে আমরা ভেবেছি। ইতোমধ্যে পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ সতর্কাবস্থা নিয়েছি আমরা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএআর/জেকে/এমএ/২০২০ ঘ.